জিনান্ট ফিল্ম অ্যান্ড টিভি প্রযোজিত ফ্যামিলি ড্রামা ‘ডিয়ার ইউ’। সিনেমাটি জুনের প্রথম সপ্তাহে ভালো আয় করেছে। আর্টিজান গেটওয়ের তথ্য অনুযায়ী, সিনেমাটি ৫-৭ জুনের সপ্তাহান্তে আয় করেছে ১১ কোটি ৫৩ লাখ ইউয়ান (প্রায় ১ কোটি ৭০ লাখ ডলার)।
লান হংচুন পরিচালিত এবং লি সিতোং ও ওয়াং ইয়ানতোং অভিনীত স্বল্প বাজেটের সিনেমাটির মোট আয় এখন ২৩ কোটি ৮৫ লাখ ডলারে পৌঁছেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে ঝংহে চিয়ানচেং প্রযোজিত থ্রিলার ‘ভ্যানিশিং পয়েন্ট’। সিনেমাটি সপ্তাহান্তে আরো ২৫ লাখ ডলার আয় করে মোট ৭ কোটি ৫৬ লাখ ডলারে উন্নীত করেছে। চেং ওয়েই-হাও পরিচালিত এবং ঝেং কাই ও লিউ হাওছুন অভিনীত সিনেমাটি বে বাওকাংয়ের উপন্যাস ‘সি অ্যানিমোন’ অবলম্বনে নির্মিত। গল্পে শীতকালীন অয়নান্তের দিনে এক কিশোর নিখোঁজ হওয়ার পর একটি পুরনো অ্যাপার্টমেন্ট ভবনের বাসিন্দাদের অন্ধকার ও পরস্পর জড়িত গোপন রহস্য উন্মোচিত হতে থাকে।
তৃতীয় স্থানে রয়েছে ডিজনির ‘স্টার ওয়ার্স’-এর স্পিন-অব ‘দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’। সিনেমাটি সপ্তাহান্তে আরো ১৪ লাখ ডলার আয় করে মোট সংগ্রহ ১ কোটি ২১ লাখ ডলারে উন্নীত করেছে।
চতুর্থ স্থানে অভিষেক হয়েছে অ্যামাজন এমজিএম স্টুডিওসের ফ্যান্টাসি-অ্যাকশন ছবি ‘মাস্টার্স অব দ্য ইউনিভার্স’-এর। মুক্তির প্রথম সপ্তাহান্তেই ছবিটি আয় করেছে ১২ লাখ ডলার।
শীর্ষ পাঁচের তালিকা সম্পূর্ণ করেছে স্টুডিওক্যানালের দ্বিতীয় বিশ্বযুদ্ধভিত্তিক ঐতিহাসিক নাটক ‘প্রেশার’। মাত্র দুদিনের সপ্তাহান্তে ছবিটি ১১ লাখ ডলার আয় করেছে। আগাম প্রদর্শনীর আয়সহ এর মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১২ লাখ ডলারে।
এদিকে চীনের মোট সপ্তাহান্তের বক্স অফিস আয় ছিল ২ কোটি ৭৮ লাখ ডলার। ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশটির মোট বক্স অফিস রাজস্ব দাঁড়িয়েছে ২৩৬ কোটি ডলারে, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৪২ দশমিক ৩ শতাংশ কম।
সূত্র: ভ্যারাইটি









