ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ঐন্দ্রিলা। পাশাপাশি তিনি গানও গেয়ে থাকেন। একটা সময়ে এসে তিনি নিজেকে উপস্থাপনার সঙ্গেও সম্পৃক্ত করেন। অভিনয়ে একটা সময়ে এসে ঐন্দ্রিলা বিরতি দেন। বিরতির পর ২০১৭ সালে আবারো তিনি অভিনয় শুরু করেন। টানা কয়েকটি নাটকে অভিনয় করার পর এখন আবার অভিনয়ে বলা যায় অঘোষিতভাবে বিরতিই টেনেছেন। কারণ মনের মতো গল্প ও চরিত্র পাচ্ছেন না। এখন টক শো ও উপস্থাপনায় দেখা যায় তাকে। তিনি জানান, অভিনয়েই বেশি আগ্রহী তিনি।
বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘আমাদের রসুই ঘর’। অনুষ্ঠানটি কিছুদিন আগেই বিটিভিতে প্রচার শুরু হয়েছে। সপ্তাহের প্রতি রবি ও সোমবার বিটিভিতে দেখা যায় আয়োজনটি। এটিই উপস্থাপনা করছেন তিনি।
এসব বিষয়ে ঐন্দ্রিলা বলেন, ‘এ মুহূর্তে বিটিভির আমাদের রসুই ঘর অনুষ্ঠানটি নিয়েই ব্যস্ত আছি। যেহেতু প্রতি সপ্তাহে দুবার অনুষ্ঠানটি প্রচার হয়, মাসে আটটি পর্ব সে কারণে আমাকে এ অনুষ্ঠানের জন্যই বেশ সময় দিতে হয়। বাকিটুকু সময় নিজের জন্য, সংসার-সন্তানের জন্য দিতেই হয়। তবে যেহেতু অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করতে আমার ভালো লাগে, তাই উপস্থাপনাটা ভীষণ স্বাচ্ছন্দে করি।’
এ প্রসঙ্গেই আসে অভিনয়ের কথা। এ নিয়ে তিনি বলেন, ‘অভিনয়ের কথা যদি বলতে হয় তাহলে বলব অবশ্যই ভালো গল্প সুন্দর চরিত্র পেলে অভিনয় করব। কারণ অভিনয় করতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এখনো অনেক ভক্ত-দর্শকের কাছ থেকে অনুরোধ আসে অভিনয় করার। তাদের উদ্দেশে বলতে চাই, নিশ্চয়ই আমি ভালো গল্প-চরিত্র পেলে অভিনয়ে ফিরব।’
একসময় নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অনেক নাটক প্রযোজনাও করেছিলেন। সে কাজগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। বাবাকে নিয়ে ঐন্দ্রিলার অনেক স্বপ্ন ও পরিকল্পনা রয়েছে। বাবা বুলবুল আহমেদকে নিয়ে একটি সিনেমা নির্মাণের ইচ্ছা তার বহুদিনের। সেজন্য প্রস্তুতি নিচ্ছেন ঐন্দ্রিলা।










