‘জায়ান্ট’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ৮০ বছর বয়সী জন লিথগো। টনির ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি বয়স্ক পুরুষ অভিনেতা। এর আগে রেকর্ডটি ছিল রয় ডট্রিসের দখলে। তিনি ২০০০ সালে ৭৭ বছর বয়সে টনি জিতেছিলেন।

এটি লিথগোর ক্যারিয়ারের তৃতীয় টনি অ্যাওয়ার্ড। এ বিভাগে তিনি নাথান লেইনকে টপকে পুরস্কার জিতেছেন। ‘ডেথ অব আ সেলসম্যান’ নাটকের জন্য টনি প্রত্যাশী ছিলেন তিনি।। একই বিভাগে মনোনীত ছিলেন মার্ক স্ট্রং, ড্যানিয়েল র‍্যাডক্লিফ ও উইল হ্যারিসন।

পুরস্কার গ্রহণের সময় আবেগঘন বক্তব্যে লিথগো বলেন, ‘আমি সত্যিই একজন সৌভাগ্যবান অভিনেতা। এটি আমার তৃতীয় টনি অ্যাওয়ার্ড। প্রথমটি পেয়েছিলাম ৫৩ বছর আগে, ব্রডওয়েতে আমার অভিষেকের সময়। একটি ইংরেজি নাটকের আমেরিকান প্রিমিয়ারে অভিনয়ের জন্য পুরস্কারটি পাই। আশ্চর্যজনকভাবে সে নাটকও লন্ডনের রয়্যাল কোর্ট থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয়েছিল। জায়ান্টও সেখানেই মঞ্চস্থ হয়েছে। দুই প্রান্তে দুটি টনি, মাঝখানে ৫৩ বছরের যাত্রা। এ সময়ে আমি শত শত অসাধারণ নাট্যশিল্পীর সঙ্গে কাজ করেছি। মঞ্চে অসংখ্য আনন্দময় মুহূর্ত কাটিয়েছি। কিন্তু এ মুহূর্ত নিঃসন্দেহে আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত।’

রোয়াল্ড ডালের গল্প থেকে তৈরি জায়ান্ট নাটকের জন্য পুরস্কার জয়ের মাধ্যমে লিথগো টনি অ্যাওয়ার্ডের ইতিহাসে আরেকটি নজির গড়েছেন। তার প্রথম প্রতিযোগিতামূলক টনি ছিল ১৯৭৩ সালে, ‘দ্য চেঞ্জিং রুম’ নাটকের জন্য। অর্থাৎ দুই পুরস্কারের মধ্যে ব্যবধান ৫৩ বছর। টনি ইতিহাসে সবচেয়ে দীর্ঘ বিরতি এটি। এর আগে এ রেকর্ড ছিল অ্যাঞ্জেলা ল্যান্সবেরির। তিনি ১৯৬৬-২০০৯ সালের মধ্যে ৪৩ বছরের ব্যবধানে টনি জিতেছিলেন।

এ জয়ের ফলে লিথগো একটি বিশেষ ক্লাবেও জায়গা করে নিয়েছেন। তিনটি ভিন্ন বিভাগে তিনবার টনি জিতেছেন তিনি। দ্য চেঞ্জিং রুমে সহ-অভিনেতা, সুইট স্মেল অব সাকসেসে প্রধান মিউজিক্যাল অভিনেতা এবং জায়ান্টে প্রধান নাট্য অভিনেতা হিসেবে টনি জিতে তিনি অভিনয়ের তিনটি ভিন্ন বিভাগে পুরস্কারজয়ী মাত্র চারজন শিল্পীর একজন হয়েছেন।

সূত্র: ভ্যারাইটি