মোহাম্মদ তাওকীর ইসলাম নির্মিত সিনেমা ‘দেলুপি’। খুলনার মাটির গন্ধ, নদীর জীবন আর মানুষের নিরন্তর সংগ্রামকে পর্দায় জীবন্ত করে তোলা এ চলচ্চিত্র এবার পাড়ি জমাচ্ছে ইউরোপে। বাংলাদেশের সিনেমাটি নির্বাচিত হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম ২০২৬-এ। এটি নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা।
নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে উৎসবটির ৫৫তম আসর। এ আয়োজনে বিশ্বের খ্যাতনামা নির্মাতাদের পাশাপাশি উদীয়মান প্রতিভা ও স্বাধীন ধারার বা আর্টহাউজ সিনেমাগুলো বিশেষ গুরুত্ব পায়। এমন একটি আন্তর্জাতিক ও সম্মানজনক প্লাটফর্মে ‘দেলুপি’র নির্বাচিত হওয়া বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র চর্চার জন্য নিঃসন্দেহে বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
উৎসবের ব্রাইট ফিউচার বিভাগে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হবে দেলুপির। সাধারণত নতুন নির্মাতাদের প্রথম ও দ্বিতীয় সিনেমাগুলোই এ বিভাগে জায়গা পায়। ফলে এটি নতুন নির্মাতাদের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি ও পরিচিতির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে পরিচিত।
রটারড্যামে সিনেমাটির যাত্রা নিয়ে উচ্ছ্বসিত পুরো নির্মাতা দল। পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম জানান, রটারড্যাম থেকে প্রথম ই-মেইল পেয়ে যখন জানতে পারেন তারা সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে চায়, তখন কিছুটা দ্বিধায় পড়ে যান তারা। কারণ সিনেমা নির্মাণের সময় দেলুপি ইউনিয়নের মানুষকে কথা দিয়েছিলেন যে সবার আগে তারাই সিনেমাটি দেখবেন।
তিনি আরো জানান, নিজেদেরও ইচ্ছা ছিল এ সিনেমা আগে বাংলাদেশের দর্শকের সামনে তুলে ধরার। বিষয়টি তারা উৎসব কর্তৃপক্ষকে জানালে আয়োজকরা তাতে সম্মতি দেন। ফলে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের দর্শকও এখন দেলুপি দেখবে, এ ভাবনাই পুরো টিমকে ভীষণ আনন্দিত করছে।
খুলনার প্রান্তিক জনপদের গল্প নিয়ে নির্মিত সিনেমাটির আন্তর্জাতিক এ স্বীকৃতি আবারো প্রমাণ করে, স্থানীয় ও শিকড়ের গল্পও বিশ্ব দর্শকের কাছে পৌঁছতে পারে, যদি তা বলা হয় সততা, সংবেদনশীলতা আর মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে।










