করোনা মহামারীর পর বদলে গেছে অনেক কিছু। প্রভাব পড়েছে বলিউডের বক্স অফিসেও। একসময় যে ধারার সিনেমা চলত, এখন তা চলে না। বক্স অফিস নিয়ে মাথায় হাত অনেক প্রযোজক, পরিচালক এমনকি অভিনেতাদেরও। এ নিয়েই বলিউড হাঙ্গামার সঙ্গে কথা বলছিলেন রাকুল প্রীত সিং। তিনি মনে করেন, এখন আর বলিউড বক্স অফিস নিয়ে আগে থেকে কোনোকিছু ভেবে নেয়া যায় না। প্রতিদিন নতুন কিছু হচ্ছে।
রাকুলকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলিউড বক্স অফিস নিয়ে কী ভাবেন। এ নিয়ে তিনি বলেন, ‘আসলে এখন আপনি আগে থেকে কিছু ভেবে নিতে পারবেন না। এ সময় দেখা যাচ্ছে রি-রিলিজ থেকে একটা সিনেমা ভালো করছে। কিন্তু নতুন সিনেমা এলে তা ভালো ব্যবসা করছে না। কোনো সিনেমা নিয়ে আমাদের অনেক বেশি আশা থাকে। হলে আসার পর তা পাওয়া যায় না। উল্টোটাও হয়।’
সিনেমার প্রচারণা নিয়েও তিনি কথা বলেন। রাকুল মনে করেন, নিজের জায়গা থেকে যতটা সম্ভব প্রচার করা উচিত। তিনি বলেন, ‘অভিনেতা হিসেবে আমার মনে হয় ভালো অভিনয় করার পাশাপাশি সিনেমাটিকে প্রচার করাও আমার কাজ। কিন্তু শেষ অবধি নির্মাতা বা অভিনেতা কেউই জানেন না, সিনেমাটা ভালো করবে কিনা।’
কিন্তু এতেই কি সিনেমা ব্যবসাসফল হবে? নাও হতে পারে। রাকুল বলেন, ‘আমার মনে হয়, এখানে অনেক বিষয় কাজ করে। একটা সিনেমা দর্শক পছন্দ করেনি বলেই ফ্লপ হলো, এমন নাও হতে পারে। যদি সেটাই হতো, তাহলে ওটিটিতে মুক্তির পর একই সিনেমা দেখার জন্য দর্শক হুমড়ি খেয়ে পড়ত না।’
এসব ক্ষেত্রে নানা উপাদানের মধ্যে একটি হলো টিকিটের দাম ও ওটিটিতে সিনেমা দেখার অভ্যাস। তিনি বলেন, ‘টিকিটের দাম একটা বিষয়। অতিমারীর পর দর্শকের অনেকেই ওটিটিতে সিনেমা দেখতে অভ্যস্ত হয়েছে। তারা বাসায় বসে সিনেমা দেখতে পছন্দ করে। হলে গিয়ে দেখা তাদের প্রায়োরিটি লিস্টে নিচের দিকে নেমে গেছে। এখন অনেকে সিনেমা দেখতে খরচ করার চেয়ে পরিবার নিয়ে ডিনারে যেতে পছন্দ করেন। তারা অপেক্ষা করেন সিনেমাটি কবে ওটিটিতে প্রিমিয়ার হবে। এটি এখন এর ভালো-মন্দের ওপর নির্ভর করে ব্যবসা করে না। কোন সিনেমা দর্শক সহজে দেখতে পারছে, অনেক সময় সেটার ওপর নির্ভর করে।’
উদাহরণ হিসেবে তিনি ‘লাপাতা লেডিস’-এর প্রসঙ্গ আনেন। তিনি বলেন, ‘লাপাতা লেডিস আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে। কিন্তু সিনেমাটি বক্স অফিসে খুব বেশি আয় করতে পারেনি। কিন্তু অতিমারীর আগে একটা সিনেমা অন্যভাবে বক্স অফিসে নিজের জায়গা করে নিত। নতুন মুখ নিয়েও একটা সিনেমা ভালো ব্যবসা করতে পারত। তবে আমার মনে হয় ব্যবসার দিকটা বাদ দিলেও দর্শক আসলে ভালো সিনেমা একসময় নিজেই খুঁজে নেবে।’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










