বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। ২০১৬-১৮ সাল পর্যন্ত ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রেটি ১০০ জনের তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন। অল্প বয়সে ও কম সময়েই পেয়েছেন ফিল্মফেয়ারের মনোনয়ন। গতকাল ছিল বহুমুখী এ অভিনেতার ৪১তম জন্মদিন। ১৯৮৫ সালের ১৬ জানুয়ারি জন্ম নেয়া সিদ্ধার্থ মালহোত্রা ক্যারিয়ারের শুরুতে ‘চকোলেট-বয়’ ভাবমূর্তিতে পরিচিত হন। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে একজন শক্তিশালী ও পরিণত পারফরমার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। অভিনয়ের বৈচিত্র্য, চরিত্র নির্বাচনে সাহস এবং ধীরে ধীরে বদলে যাওয়া বিভিন্ন চরিত্রে অভিনয়ের কারণে সমসাময়িক তারকাদের ভিড়ে আলাদা জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন।

ওটিটি প্লাটফর্মে মুক্তিপ্রাপ্ত তার বেশ কয়েকটি সিনেমা এ অভিনয়যাত্রার স্পষ্ট সাক্ষ্য দেয়। যুদ্ধনাট্য ‘শেরশাহ’-এ ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে সিদ্ধার্থ তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় উপহার দেন। ভারত-পাকিস্তানের কারগিল যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এটি। অন্যদিকে করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমায় অভিমন্যু সিংয়ের চরিত্রে তার বলিউডে অভিষেক হয়, যেখানে তারুণ্যের স্বপ্ন, প্রতিযোগিতা ও উচ্চাকাঙ্ক্ষার গল্প উঠে আসে। সিনেমাটি ব্যাপক ব্যবসাসফল হয়।

রোমান্স ও প্রতিশোধের অন্ধকার গল্প ‘এক ভিলেন’-এ গুরু চরিত্রে তার অভিনয় যেমন ছিল আক্রমণাত্মক, তেমনি আবেগঘন। আবার অতিনাটকীয় ধারায় নির্মিত ‘মারজাভান’ ছবিতে রাঘু চরিত্রে তিনি এক নরম হৃদয়ের অ্যাকশন হিরো হিসেবে উপস্থিত হন। রোম্যান্টিক কমেডি ‘হাসি তো ফাঁসি’-তে নিখিল চরিত্রে তার সহজ-সরল অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেন। আর শকুন বাত্রা পরিচালিত ‘কাপুর অ্যান্ড সন্স’-এ অর্জুন চরিত্রে তিনি আধুনিক পরিবারের জটিল সম্পর্ক ও মানসিক দূরত্বকে সংবেদনশীলভাবে ফুটিয়ে তুলেছেন। সব মিলিয়ে অভিনয় ও সাফল্য প্রমাণ করে সিদ্ধার্থ মালহোত্রা কেবল একজন নায়ক নন, বরং সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা এক পরিণত অভিনেতা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া