সংগীতপ্রেমীদের জন্য নতুন গান নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী রোকসানা রূপসা।
২০১৭ সালে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত ‘বন্ধু আমার মায়া বাড়াইছে’ গান দিয়ে সংগীতজগতে আলোচনায় আসেন তিনি। সেই গান থেকেই শ্রোতা-দর্শকের কাছে রূপসার কণ্ঠ আলাদা পরিচিতি পায়। এরপর একে একে ‘অন্তরেতে পিরিত আইসাছে’, ‘বলরে পাখি কী ছিল মোর দোষ’, ‘তুই বিহনে রাইতে দিনে’সহ বেশকিছু গান শ্রোতাদের মন জয় করে নেয়।
গত রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জংলি’তে নতুনভাবে কণ্ঠ দেন ‘নান্টু ঘটক ২.০’ গানে, যেখানে চিত্রনায়ক সিয়াম আহমেদকে দেখা যায় মিউজিক ভিডিওতে। পাশাপাশি রূপসা এখন নতুন কিছু মৌলিক গানের কাজ নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সম্প্রতি তিনি একটি ফোক গানের কাজ সম্পন্ন করেছেন। ‘বর্ষা গেল আইলরে শীত, তবুও কইন্যা খুঁজলি না... নয়নেতে গলে কাজল, চোখের ভাষা বুঝলি না’—এমন কথার গানটি লিখেছেন জহিরুল ইসলাম বাদল, সুর করেছেন ও রূপসার সঙ্গে কণ্ঠ দিয়েছেন পলাশ লোহ। গানটি শিগগিরই ‘উর্বশী গানের সিঁড়ি’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
রূপসা বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত বিভাগে সিনিয়র কণ্ঠশিল্পী হিসেবে কর্মরত। কাজের ফাঁকেই তিনি নিজের সংগতচর্চা চালিয়ে যাচ্ছেন। নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘ছোটবেলায় মামার কাছেই গানে হাতেখড়ি। গানই আমার প্রকৃত সুখ। সিনেমায় বেশি বেশি গান করার স্বপ্ন দেখি। শিল্পকলা একাডেমির দায়িত্বও সঠিকভাবে পালন করতে চাই। সংগ্রাম করেছি, সামনে আরো ভালো গান করার জন্য সে সংগ্রাম চালিয়ে যাব।’
তিনি জানান, শিগগিরই লুৎফর হাসানের গীতিকবিতায়ও একটি নতুন গান গাইবেন।










