অপূর্ব-নীহা অভিনীত নাটক ‘মন দুয়ারী’। নাটকটি ১৮ ফেব্রুয়ারি ‘সিএমভি’ ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। এ নাটকে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন অপূর্ব ও নীহা। মুক্তির পর থেকেই নাটকটি নিয়ে দর্শকের বেশ সাড়া পাওয়া যাচ্ছে। এটি এরই মধ্যে ৩৩ লাখের (২০ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত) বেশি ভিউয়ারস উপভোগ করেছেন। বাংলা নাটকের ইতিহাসে মন দুয়ারীও যে আরেকটি মাইলফলক নাটক হতে যাচ্ছে, তা যেন এখন থেকেই বোঝা যাচ্ছে। মন দুয়ারী নাটকটি দেখার পর অনেক দর্শকই বলছে, এটি সিনেমা হলে মুক্তি দেয়া যেতে পারত। কারণ ১ ঘণ্টা ৩৫ মিনিট ব্যাপ্তির এ নাটক অনায়াসে সিনেমা হলেও মুক্তি দেয়া যেত।
অবশ্য তাতে কিছুটা হলেও আভাস পাওয়া যাচ্ছে যে হয়তো আগামী কিছুদিনের মধ্যেই নির্মাতা জাকারিয়া সৌখিন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এবং এ নির্মাতার প্রতি আস্থা রাখা যায় যে তিনি সিনেমা নির্মাণেও সফল হবেন। নাটকটি প্রচারে আসার পর নাটকের অন্যতম প্রধান দুই চরিত্রে অভিনয় করা অপূর্ব ও নীহা দুজনই অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। অপূর্ব বলেন, ‘দর্শকের প্রতি সবসময়ই কৃতজ্ঞতা ও ভালোবাসা। কারণ তাদের ভালো লাগার কথা বিবেচনা করেই আমি সবসময় ভালো গল্পে নিজেকে যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করি। নিজেকে যতটা ভেঙেচুরে নতুনভাবে উপস্থাপন করা যায়, সে চেষ্টাই আমার থাকে। মন দুয়ারীর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। ধন্যবাদ জাকারিয়া সৌখিন, দিলারা মা, নাজনীন নীহাসহ নাটকে আমার সব সহশিল্পী ও ইউনিটের সবাইকে।
দর্শক আমাকে বারবার তাদের ভালোবাসায় ঋণী করে ফেললেন। মন দুয়ারীতে তাদের ভালোবাসা দিয়ে আমায় মুগ্ধ করলেন।’ নাজনীন নীহা বলেন, ‘অনেক অনেক প্রত্যাশা ছিল মন দুয়ারীকে ঘিরে। প্রচারে আসার পর চারদিক থেকে এত সাড়া পাচ্ছি, সত্যিই আমি অভিভূত ও মুগ্ধ দর্শকের অকৃত্রিম ভালোবাসায়। ধন্যবাদ অপূর্ব ভাইয়া, সৌখিন ভাইয়াসহ পুরো টিমকে। দর্শকের প্রতি ভালোবাসা রইল।’










