তাই বলা যায় হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সিনেমাগুলোর মধ্যে। তবে আয়ের দিক থেকে এগিয়ে আছে রেদোয়ান রনি পরিচালিত ‘দম’। সিনেমাগুলোর আয়ের এ তথ্য প্রকাশ করেছে সিনেমাভিত্তিক ফেসবুক পেজ বিএমআর। বাংলাদেশে বক্স অফিস সিস্টেম নেই বললেই চলে। বিগত কয়েক বছর সিনেমার আয় নিয়ে নানা ধরনেই তথ্যই প্রকাশ করা হয়। তবে এসবের মধ্যে বিএমআরের দেয়া তথ্য নির্ভরযোগ্য বলেই সিনেমাসংশ্লিষ্টরা মনে করেন।

মুক্তির প্রথম দিন (ঈদের দিন) দম আয় করেছে ৩০ লাখ টাকার কিছু বেশি। এ সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী। সারভাইভাল স্টোরিটি নিয়ে দর্শকের আগ্রহ দেখা গেছে প্রথম লুক প্রকাশের পর থেকেই। দ্বিতীয় অবস্থানে আছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমাটি ২০ লাখ টাকার বেশি আয় করেছে। মাল্টি স্টারার সিনেমাটিতে আছেন আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজের মতো অভিনেতারা। হমায়ূন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিবার নিয়ে দেখার মতো। অনেক দর্শকই সপরিবারে দেখতে যাচ্ছেন সিনেমাটি।

2

দুটি সিনেমার প্রচারেও সর্বোচ্চ কাজ করছেন নির্মাতারা। ঈদের দিন দমের টিম সিনেমা দেখতে গিয়েছিল স্টার সিনেপ্লেক্সের উত্তরার শাখায়। গতকাল বসুন্ধরা শাখায় ছিল দমের টিম। তারা দর্শক প্রতিক্রিয়া শোনার পাশাপাশি গণমাধ্যমেরও মুখোমুখি হন। সিনেমা হলে গিয়ে দর্শকের সঙ্গে সিনেমা দেখছেন বনলতা এক্সপ্রেসের অভিনেতা-অভিনেত্রীরাও। গতকাল চঞ্চল চৌধুরী, তানিম নূর দর্শকের সঙ্গে সিনেমা দেখেছেন। এছাড়া প্রত্যেক কলাকুশলী ও নির্মাতা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছেন তাদের সিনেমা দেখার।

বিগত বছরগুলোর সঙ্গে তুলনা করলে শাকিব খান এ বছর তুলনামূলক পিছিয়েই আছেন। আবু হায়াত মাহমুদ পরিচালিত শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন এ টাইম ইন ঢাকা’ আয় করেছে ১৬ লাখ টাকা। সিনেমাটি দেখার জন্য সিঙ্গেল স্ক্রিনে শাকিবভক্তরা জড়ো হয়েছেন ঈদের দিন থেকেই। অনেক সিনেমা হলে টিকিট পাওয়া যায়নি। আবার কোনো কোনো হলে নিম্নমানের প্রজেকশনের জন্য দর্শকরা হতাশ হয়েছেন। এছাড়া সব হলে পরিবেশকরা সিনেমাটি পৌঁছতে পারেননি। এ বিষয়গুলো সিনেমার আয়ে প্রভাব ফেলেছে। তবে সিনেমা দেখে দর্শকরা বলছেন বরবাদ, তাণ্ডবের তুলনায় মানের দিক থেকেও পিছিয়ে আছে প্রিন্স।

মুক্তি পেয়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ও সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। দর্শকরা আগ্রহ দেখাচ্ছেন এ সিনেমায়। রাক্ষস প্রায় ১৪ লাখ টাকা আয় করেছে। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন সুস্মিতা চ্যাটার্জি। প্রযোজনা করেছেন শেহরিন সুমি। অনেকে বলছেন এটি তাণ্ডবের দ্বিতীয় পর্ব বা তাণ্ডবের সঙ্গে এর যোগসূত্র রয়েছে। সিনেমা দেখে একাধিক দর্শক জানিয়েছেন সিনেমাটিতে শাকিব খানের ক্যামিও রয়েছে।

তাণ্ডব পরিচালনা করেছিলেন রায়হান রাফী। এ বছর তিনি নির্মাণ করেছেন নারীকেন্দ্রিক সিনেমা প্রেসার কুকার। অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। এ সিনেমাটি আয় করেছে ৬ লাখ টাকার কিছু বেশি।