কে-ড্রামা বা কোরিয়ান ড্রামা এখন শুধু কোরিয়া নয়, বিশ্বজুড়েই জনপ্রিয়। গল্পের গভীরতা, আবেগঘন মুহূর্ত ও চমৎকার অভিনয়ের জন্য দর্শকের হৃদয় জয় করছে এগুলো। বিশেষ করে ফ্যান্টাসি রম-কম (রোমান্টিক-কমেডি) ধারার ড্রামাগুলোয় পাওয়া যায় হাস্যরস, প্রেম ও জীবনের গভীর বাস্তবতার এক অনন্য মিশ্রণ। দর্শককে কখনো হাসায়, কখনো কাঁদায়, আবার কখনো নতুন করে ভালোবাসতে শেখায়। ভক্তদের কাছে বিশেষ জায়গা করে নেয়া এমনই পাঁচটি জনপ্রিয় ফ্যান্টাসি রম-কম কোরিয়ান ড্রামা নিয়ে আজকের আয়োজন—
মি. কুইন

কোরিয়ান ভাষায় ঐতিহাসিক নাটক বা চলচ্চিত্রকে সাজুক বলা হয়। প্রাচীন কোরিয়ার ইতিহাস ও সংস্কৃতির ওপর ভিত্তি করে নির্মাণ করা হয় সাজুক। অনেক দর্শক সাজুক ধারার কনটেন্ট পছন্দ করে না, তারা রোমান্টিক বা অ্যাকশন-নির্ভর গল্প খোঁজে। মি. কুইন ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি হলেও এ ড্রামায় নিখাঁদ বিনোদন ও ফ্যান্টাসি উপাদানও আছে। এতে জোসনের রানীকে ব্ল্যাকপিংকের (বিখ্যাত পপ গানের দল) গান বাজিয়ে নাচতে দেখা যায়। দৃশ্যটি যখন গল্পের গুরুত্বপূর্ণ মুহূর্তে আসে, তখন তা এতটাই প্রভাবশালী হয়ে উঠবে যে দর্শক পুরোটা অনুভব করবে। শিন হ্যে সুন তার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স করেছেন। তার অভিনয় সত্যিই উপভোগ্য। কিম জং হিউনের সঙ্গে কেমিস্ট্রি পুরো নাটকটাকে আরো আনন্দদায়ক করেছে। দর্শক পুরো ড্রামাটি শেষ না করে উঠতে পারবে না।
হেভেনলি এভার আফটার
হেভেনলি এভার আফটার একটি হৃদয়স্পর্শী কোরিয়ান ফ্যান্টাসি রোমান্টিক ড্রামা। এটি চলতি বছর এপ্রিল থেকে মে মাসে জেটিবিসিতে সম্প্রচার হয়। এটি এমন একটি ড্রামা, যার গল্প দর্শককে জীবন, মৃত্যু ও মৃত্যুর পরের বিষয়গুলো নিয়ে ভাবতে বাধ্য করবে। কিম হ্যে জা, সন সুক কু ও হান জি মিন অভিনীত এ ড্রামার আধ্যাত্মিক গল্পের মধ্যে আছে একটি মজার প্রেম কাহিনী, যেখানে একটি বয়স্ক দম্পতির মৃত্যুর পর স্বর্গে তাদের দেখা হয়। সেখানে স্ত্রী কিম হ্যে জা ৮০ বছরের নারী ও স্বামী সন সুক-কু ৪০ বছর বয়সী পুরুষ হিসেবে উপস্থিত হন। ড্রামাটি প্রেম, বয়স, আত্মসম্মান ও জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে গভীরভাবে চিন্তা করতে দর্শককে বাধ্য করবে।
সিক্রেট গার্ডেন
কোরিয়ার ড্রামার দর্শকের মধ্যে পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে সিক্রেট গার্ডেন। কোরিয়ান ড্রামা এত জনপ্রিয় কেন, এ প্রশ্নের উত্তর মিলবে ড্রামাটি দেখলে। হিউয়ান বিন ও হা জি উন অভিনীত এ ফ্যান্টাসি রম-কম শোয় সবকিছুই আছে। তারা পরস্পর বিরোধপূর্ণ জুটি। স্বভাবে একে অন্যের পুরোপুরি বিপরীত। কিন্তু তারা প্রেমে পড়ে যায়। ড্রামাটিতে খলনায়ক চরিত্রের শাশুড়ি আছেন, যিনি সম্পর্কে মধ্যে ফাঁটল ধরান এবং গল্পের স্বাভাবিক মেজাজ নষ্ট করেন। বিভিন্ন রকম বাধার পরও আকর্ষণীয় প্রেমের গল্পটি টিকে থাকে।
টুইংকলিং ওয়াটারমেলন
টুইংকলিং ওয়াটারমেলন এমন একটি কে-ড্রামা, যা দেখার পর দর্শকের আফসোস হবে যে এটি আরো আগে দেখা কেন হলো না! রেয়াউন, চোই হিউন উক, সিয়ল ইন আহ ও শিন ইউন সুর অসাধারণ অভিনয় দর্শকের মনে দাগ কাটবে। এর মূল কাহিনী প্রেম, পরিবার ও বন্ধুত্বের হৃদয়ছোঁয়া গল্প নিয়ে আবর্তিত, যা এক ধরনের টাইম ট্রাভেলে মোড় নেয়। এটি দর্শককে নিজের শৈশবের স্মৃতি জাগাতে বাধ্য করবে, একই সঙ্গে প্রাপ্তবয়স্ক জীবনের বাস্তবতাকেও গ্রহণ করতে শেখাবে।
দ্য লিজেন্ড অব দ্য ব্লু সি

দ্য লিজেন্ড অব দ্য ব্লু সি আরেকটি ফ্যান্টাসি রম-কম ড্রামা। এ ড্রামায়ও এক ফ্যান্টাসি প্রেমের গল্প রয়েছে। একজন মারমেইড (জলপরি) থাকে জোসন যুগে (কোরিয়ার ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ), আর একজন প্রতারক যুবক থাকে বর্তমান সময়ে। ঘটনাচক্রে তাদের দেখা হয় আর শুরু হয় এক ভিন্ন ধরনের প্রেমের কাহিনী। ড্রামাটিতে আছে অনেক হাসির মুহূর্ত, আবার আছে রহস্য আর বিপদের ঘটনাও (যেমন সিরিয়াল কিলার)। সবকিছুর পরও তাদের প্রেম শেষ পর্যন্ত টিকে যায়। সবচেয়ে বড় আকর্ষণ হলো লি মিন হো আর জুন জি হিউনের রসায়ন, যা পুরো গল্পকে হৃদয়ছোঁয়া করে তুলেছে।
সূত্র: জিকিউ ইন্ডিয়া










