সালমান খান, শাহরুখ খান, আমির খান, সাইফ আলী খানরা ঈদের নামাজের পর ছবি পোস্ট করেন। ভক্তদের ঈদের শুভেচ্ছা জানান। কিন্তু এ বছর সেই তুলনায় ম্রিয়মাণ ছিল বলিউডের ঈদ। তবে সব শেষে ঈদের দিন পার করে গভীর রাতে বলিউডের অনেক তারকাই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। অগ্রণী ছিলেন শাহরুখ খান ও সালমান খান।
শাহরুখ খান ইনস্টাগ্রামে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতে একটি পোস্ট করেন। তিনি নিজের একটি ছবি শেয়ার করেন, যেখানে তাকে সালাম দিতে দেখা যায়। ভক্তদের জন্য একটি বার্তাও লেখেন। ভক্তরা শুধু ঈদ মোবারক জানিয়ে মন্তব্যে ভরিয়ে দেননি, অনেকেই লিখেছেন যে তার শুভেচ্ছার মাধ্যমেই তাদের উৎসব সম্পূর্ণ হয়েছে।
পোস্ট করা ছবিতে সবুজ শেরওয়ানি ও কালো সালোয়ার পরেছিলেন শাহরুখ। ক্যাপশনে লিখেছেন, ‘আপনাদের এবং আপনাদের পরিবারের জন্য আনন্দময়, শান্তিপূর্ণ ও আশীর্বাদধন্য ঈদের শুভেচ্ছা। সবার জন্য ভালোবাসা ও আলোর কামনা—আমরা যেন আমাদের প্রার্থনার সবকিছু এবং তার চেয়েও বেশি পাই... ঈদ মোবারক!!’
পোস্টটি দ্রুতই অনলাইনে সাড়া ফেলে, অনেকেই হৃদয়ের ইমোজি ও ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেন। একজন ভক্ত লিখেছেন, ‘আমার ঈদ পূর্ণতা পেল। ভালো থাকবেন গুরু।’ আরেকজন লিখেছেন, ‘আমরা আমাদের ইদি পেয়ে গেছি।’ কেউ লিখেছেন, ‘কিং খানের অপেক্ষায়।’ বিষয়টি তার আসন্ন সিনেমার কথা ইঙ্গিত করে। আরো অনেকেই মন্তব্য করে তাকে ‘কিং’ বলে সম্বোধন করেছেন।
সালমান খানও তার সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি বাড়ি থেকেও তিনি বাড়ির সামনে উপস্থিত ভক্তদের শুভেচ্ছা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও শেয়ার করে সালমান লেখেন, ‘ঈদ মোবারক। আপনাদের শুভেচ্ছা ও শুভকামনার জন্য ধন্যবাদ। বাবা বাড়ি ফিরেছেন।’
কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সেলিম খান। এবার তিনি বাড়ি ফিরেছেন। সালমানের সঙ্গে সেলিম খানও ভক্তদের উদ্দেশে হাত নেড়েছেন। কাচের ভেতর থেকেই শুভেচ্ছা জানালেন তিনি। উপর্যুপরি হামলার হুমকিই এ অবস্থানের কারণ।
অক্ষয় কুমার তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেন। ঈদের চাঁদের ছবি দিয়ে তিনি লেখেন, ‘সবাইকে ঈদ মোবারক। আপনাদের সবার জীবন শান্তি ও আনন্দপূর্ণ হোক।’
সুনীল শেঠিও শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। তিনি লেখেন, ‘আমাদের ঘরগুলো ভালোবাসায় পূর্ণ হোক। আমরা যেন একত্রে থাকার কারণ খুঁজে পাই, একসঙ্গে খাবার খাই এবং আমাদের অবস্থা ও অবস্থান নিয়ে সুখী হই। ভালোবাসা ও শান্তি প্রার্থনা করছি। ঈদ মোবারক।’
সাইফকন্যা সারা আলী খান একটি ছবি পোস্ট করেছেন ভাই ইব্রাহিম আলী খানের সঙ্গে। তিনি ভাইবোনের তরফ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে ইব্রাহিম পোস্ট করেছেন তৈমুরের একটি ভিডিও। জহির ইকবাল ও সোনাক্ষী সিনহাও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
অনন্যা পাণ্ডে তার ইনস্টাগ্রাম স্টোরিতে ঈদের শুভেচ্ছা জানান। একইভাবে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাকুল প্রীত সিং, করণ জোহর, জ্যাকুলিন ফার্নান্দেজ, অর্জুন কাপুর, মালাইকা অরোরা খান প্রমুখ।
ইরফানপুত্র বাবিল খান একটি সাদা কুর্তা পরে ছবি পোস্ট করেছেন বন্ধুদের সঙ্গে। তিনি ঈদ মোবারক জানানোর পাশাপাশি জানিয়েছেন কুর্তাটি তাকে অভিনেত্রী টাবু উপহার দিয়েছেন।










