টিভি নাটকের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। দীর্ঘদিন পর আবার দর্শকের সামনে আসতে চলেছেন তিনি। বর্তমানে স্থায়ীভাবে আমেরিকায় বসবাসরত রিচি স্বামী ও সন্তান নিয়ে সংসার করছেন। তবে মাঝে মাঝেই তিনি দেশে বেড়াতে আসেন। তেমনি সম্প্রতি আবার ঢাকায় এসেছেন।
দেশে আসার কয়েক দিন পর রিচি জানিয়েছেন, তিনি আবার নাটক ও শুটিংয়ে ফিরবেন। রিচি বলেন, ‘সাতদিন হলো ঢাকায় ফিরেছি। এখন নিজেকে ও পরিবারকে একটু সময় দিচ্ছি। এর মধ্যে বেশকিছু কাজের প্রস্তাবও এসেছে। সেগুলো নিয়ে ভাবছি। গল্প ও চরিত্র ভালো লাগলে তবেই কাজে ফিরব। বাকিটা সময়ের ব্যাপার।’
সর্বশেষ দেশে আসার সময় তিনি অভিনয় করেছিলেন ‘কেন দেখা হলো না’ শীর্ষক নাটকে, যা একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। দীর্ঘদিন পর দর্শক তার নতুন নাটক আগ্রহ ও উৎসাহ নিয়ে উপভোগ করেছেন। নাটকটিতে রিচির সঙ্গে অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, মীর রাব্বি ও মাহিমা।
এ নাটক প্রসঙ্গে তিনি বলেন, ‘এর গল্পভাবনা আমার কাছে ভালো লেগেছিল। আজকাল প্রায় সব নাটকের গল্পই প্রায় কাছাকাছি বা একই রকমের। কিন্তু এ গল্প আমার কাছে একটু অন্য রকম মনে হয়েছে। তাই এতে অভিনয় করেছি। এছাড়া এখনকার সময় গল্প ও নিজের চরিত্র ভালোভাবে বুঝে অভিনয় করতে হয়। যেনতেন কাজ করলে দর্শক পছন্দ করবে না।’
রিচি সোলায়মানের নতুন কাজ নিয়ে নাট্যপ্রেমী ও ভক্তদের মধ্যে আগ্রহ বেড়েছে। দীর্ঘদিনের অনুপস্থিতি ও নতুন গল্পের সঙ্গে মিলিয়ে তার অভিনয় দর্শকের জন্য নতুন রূপে অভিজ্ঞতা প্রদান করবে।










