বিজয়ের মাস ঘিরে নতুন দেশাত্মবোধক গান নিয়ে হাজির হলেন এ প্রজন্মের সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। ‘আমরা সবাই বাংলাদেশ’ শিরোনামের গানটি তৈরি হয়েছে লিজার দীর্ঘদিনের পরিকল্পনা ও প্রতিশ্রুতি থেকে। দুই বছর আগে আরটিভির উদ্যোগে অনুষ্ঠিত ‘আরটিভি ইয়াং স্টার’ প্রতিযোগিতায় বিচারক ছিলেন লিজা। তখন শীর্ষ দশে আসা মেধাবী শিল্পীদের নিয়ে ভবিষ্যতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এবার ছয় তরুণ শিল্পীকে সঙ্গে নিয়ে গানটি করেছেন লিজা।

গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। মূল শিল্পী লিজার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইয়াং স্টারের অরিন্দল অন্তর, অনিক সূত্রধর, জাহিদ অন্তু, দীপান্তিতা সিঁথি, অঙ্কিতা মল্লিক ও আদিবা কামাল। আগামীকাল সন্ধ্যায় লিজার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর। মিউজিক ভিডিওতে শিল্পীদের পাশাপাশি দেখা যাবে কবির বকুল ও ইমন সাহাকেও।

গানটি প্রসঙ্গে ইমন সাহা বলেন, ‘এর আগেও অনেক দেশের গান করেছি। কিন্তু এ গানের কথায় অন্যরকম অনুভূতি আছে। খুব অল্প কথায় অনেক গভীর বার্তা রয়েছে। সেই কথার সঙ্গে মানানসই সুর তৈরি করা ছিল চ্যালেঞ্জিং। নতুন প্রজন্ম যাতে এনার্জি পায়, সে ভাবনা থেকেই সুর করেছি। এরমধ্যে সবাই গানটি পছন্দ করেছে। আশা করি, শ্রোতারা ভালোভাবেই গ্রহণ করবেন। যথারীতি লিজা খুব ভালো গেয়েছে।’

নিজের স্বপ্নের কাজ ‘আমরা সবাই বাংলাদেশ’ নিয়ে লিজা বলেন, ‘আরটিভি ইয়াং স্টারের বিচারক হিসেবে দায়িত্ববোধ থেকেই ছয় মেধাবী শিল্পীকে নিয়ে গানটি করেছি। বকুল ভাই এবং ইমন দাদা আমাকে খুব সহযোগিতা করেছেন। আমার ছোট ভাই শুভসহ ইয়াং স্টারের সব শিল্পী অনেক শ্রম দিয়েছে। বিজয়ের মাসে দেশের প্রতি ভালোবাসা জানিয়ে গানটি প্রকাশ করছি। আশা করছি, সবারই ভালো লাগবে আমাদের এই নিবেদন।’