খাবার আর ফ্যাশন—এ দুই বিষয় সাধারণত একে অন্যকে পরিপূর্ণ করে। কিন্তু এবার ফুড আর ফ্যাশনের মধ্যেই তৈরি হতে যাচ্ছে ঝামেলা। এমনই এক ভিন্নধর্মী গল্প নিয়ে ওটিটি প্লাটফর্ম চরকি ঘোষণা দিয়েছে তাদের নতুন অরিজিনাল ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’-এর।

ফিল্মটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মাহমুদা সুলতানা রীমা। বিশ্ববিদ্যালয় জীবনের দুষ্টু–মিষ্টি সময়, সম্পর্কের টানাপড়েন, বন্ধুত্ব আর প্রেম—সবকিছু মিলিয়ে ভিন্ন এক অভিজ্ঞতা উপহার দিতে চাইছেন তিনি। এটি রীমার প্রথম ওয়েব ফিল্ম, আর তাই কাজটি তার জন্য বিশেষ চ্যালেঞ্জও বটে।

কাহিনী আবর্তিত হয়েছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ফ্যাশনপ্রেমী তরুণী ইরাকে ঘিরে। তার জীবন একেবারেই ঝামেলাপূর্ণ, অগোছালো। কিন্তু এ অগোছালো জীবনের মাঝেই থাকে কিছু স্বপ্ন, কিছু অতীতের ট্রমা, আবার থাকে সামনে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা। নির্মাতার ভাষায়—‘প্রতিদিনের ব্যস্ত নগরজীবনে সবারই থাকে কিছু না কিছু ট্রমা বা অতীতের বোঝা। সেগুলো কাটিয়ে সামনে এগোনোই জীবনের অংশ। তবে এ জার্নিতে যদি পাওয়া যায় একটুখানি ভরসা আর আশ্রয়, তবে জীবনটা অন্য রকম হয়ে যায়। সেই গল্পই দেখানো হবে “‍লিটল মিস ক্যাওস”-এ।’

10

ইরার চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। চরকির ভেরিফায়েড পেজে প্রকাশিত পোস্টারে দেখা গেছে, হাতে বেলুন নিয়ে আকাশে উড়ে যাচ্ছেন তিনি। আর তাকে ধরে রাখার চেষ্টা করছেন মারুফ। এ চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী। সাদনিমা বলেন, ‘বাস্তবে আমি যে ধরনের মানুষ, ইরার চরিত্র তার সম্পূর্ণ উল্টো। এজন্যই চরিত্রটা আমার কাছে ছিল বড় চ্যালেঞ্জ। অডিশন আর রিহার্সালের সময় বুঝতেই পারছিলাম না শেষ পর্যন্ত কী হবে। কিন্তু শুটিংয়ের সময় আমরা নিজেরাই এত মজা পেয়েছি, মনে হয় সেই আনন্দ দর্শকও পাবেন।’

অভিনেতা নাওভী জানান বলেন, ‘গল্পে এমন অনেক বিষয় আছে যা একেবারেই সমসাময়িক। তরুণরা সহজেই নিজেদের সঙ্গে কানেক্ট করতে পারবে। আর আমার চরিত্রটা বাস্তব জীবন থেকে একেবারেই আলাদা—সিনেমায় আমি অনেক শান্ত, কিন্তু বাস্তবে মোটেও তা নই।’

তরুণ নির্মাতা ও তরুণ অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করার বিশেষ কারণ কী—এমন প্রশ্নে চরকির সিইও রেদওয়ান রনি বলেন, ‘চরকি সব সময় সব বয়সী দর্শকের জন্য কনটেন্ট তৈরি করে। তবে “‍লিটল মিস ক্যাওস” তরুণ প্রজন্মের ভাবনা ও অনুভূতির গল্প। শুধু তরুণ নয়, সবারই ভালো লাগবে। আর তরুণরা না এলে ইন্ডাস্ট্রি বড় হবে না। তাই আমরা শুরু থেকেই তাদের নিয়ে এবং তাদের জন্য কাজ করছি।’

চরকি জানিয়েছে, শিগগিরই মুক্তি পাবে ফিল্মটির ট্রেলার ও অন্যান্য প্রচারণামূলক ভিডিও–ছবি। সেই সঙ্গে জানা যাবে মুক্তির তারিখ এবং আর কারা অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। সব মিলিয়ে খাবার আর ফ্যাশনের দ্বন্দ্বে তৈরি এই ক্যাওটিক গল্পে থাকছে প্রেম, বন্ধুত্ব, হাসি-ঠাট্টা, টানাপড়েন এবং একটুখানি ভরসা। দর্শকরা কতটা উপভোগ করবেন তা জানতে অপেক্ষা করতে হবে লিটল মিস ক্যাওস মুক্তির দিন পর্যন্ত।