বলিউড চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির কাছে ২০ কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। একটি অডিও ক্লিপের মাধ্যমে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে এ হুমকি এসেছে বলে দাবি করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অডিও বার্তায় রোহিত শেঠিকে সতর্ক করে বলা হয়েছে, এর আগে তার জুহুর বাসভবনে চালানো গুলিবর্ষণের ঘটনা ছিল শুধু ট্রেলার বা মহড়া। পরবর্তী হামলায় তাকে সরাসরি লক্ষ্য করা হবে বলে হুমকি দেয়া হয়েছে।
অভিযোগ অনুযায়ী, লরেন্স বিষ্ণোই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা এক ব্যক্তি ফোনে যোগাযোগ করে ২০ কোটি টাকা দাবি করেছে। অর্থ না দিলে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুমকি দেয়া হয়েছে।
এ ঘটনার পরপরই রোহিত শেঠি মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানান। এরই মধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।










