এ চেনা গ্ল্যামারের ভেতরেই নতুন এক নাটকীয় জগৎ নির্মাণ করছে জনপ্রিয় সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর চতুর্থ সিজন। নির্মাতা মাইক হোয়াইট এবার তার ব্যঙ্গাত্মক দৃষ্টিকে স্থাপন করেছেন কান চলচ্চিত্র উৎসবের কেন্দ্রে যেখানে খ্যাতি, প্রতিদ্বন্দ্বিতা ও সম্পর্কের জটিল সমীকরণ একে অন্যের সঙ্গে জড়িয়ে তৈরি করছে এক বহুমাত্রিক আখ্যান।
নতুন সিজনের গল্পে দেখা যাবে, দুই প্রতিদ্বন্দ্বী চলচ্চিত্র দল কান উৎসবে নিজেদের সিনেমা নিয়ে হাজির হয়েছে। কিন্তু তাদের লক্ষ্য কেবল পুরস্কার নয়, বরং নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করা। এক দল অবস্থান নিয়েছে ক্রোয়াজেটের জাঁকজমকপূর্ণ প্রাসাদোপম হোটেলে, অন্য দল আশ্রয় নিয়েছে পাহাড়চূড়ার নির্জন অথচ বিলাসবহুল এক রিসোর্টে। এ দুই ভুবনের সংঘর্ষেই তৈরি হবে নাটক যেখানে ব্যক্তিগত সম্পর্ক, ক্ষমতার ভারসাম্য এবং খ্যাতির মোহ একে অন্যকে চ্যালেঞ্জ জানাবে।
প্রায় ১২০ মিলিয়ন ডলারের বিশাল বাজেটে নির্মিত সিজনটি এই সিরিজের ইতিহাসে সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্টে পরিণত হয়েছে। ফ্রান্সের বিভিন্ন লোকেশনে এর শুটিং হচ্ছে। এর মধ্যে আছে সাঁ-ত্রোপের শাতো দ্য লা মেসারদিয়ের, কানের হোটেল মার্টিনেজ এবং প্যারিসের ঐতিহাসিক হোটেল ল্যুতেশিয়া। সাত মাস ধরে চলবে শুটিং। এত বড় আয়োজন সত্ত্বেও পুরো বিষয়টি যথাসম্ভব নীরবে করা হচ্ছে।
তবে যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয় এই সিরিজ ফ্রান্সে এখনো ততটা পরিচিত নয়। স্থানীয়দের অনেকেই জানেন না ‘হোয়াইট লোটাস’ কী কিংবা কে এই মাইক হোয়াইট। কিন্তু যখন এক্সট্রা চরিত্রের জন্য কাস্টিং শুরু হয়, তখন ভিড় জমে গিয়েছিল। সব বয়সের মানুষ অংশ নিতে আগ্রহ দেখায়। এভাবেই ধীরে ধীরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হচ্ছে, আর সিরিজটিও নতুন দর্শক পাচ্ছে।
অভিনয়শিল্পীদের তালিকাও এই সিজনে বেশ সমৃদ্ধ। ভিনসেন্ট ক্যাসেল হোটেল ম্যানেজারের ভূমিকায় অভিনয় করছেন, সঙ্গে রয়েছেন ফরাসি অভিনেত্রী নাদিয়া তেরেসকিয়েভিজ ও লরা স্মেট। আন্তর্জাতিক কাস্টে আছেন স্যান্ড্রা বার্নহার্ড, স্টিভ কুগান, কুমাইল নানজিয়ানি ও রোজি পেরেজ। তবে সবচেয়ে আলোচিত ঘটনা নিঃসন্দেহে হেলেনা বোনহ্যাম কার্টারের আকস্মিক প্রস্থান। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে নেয়া হলেও নির্মাতার সঙ্গে সৃজনশীল মতবিরোধের কারণে শুটিং শুরুর অল্প সময়ের মধ্যেই তিনি সরে দাঁড়ান। তার পরিবর্তে লরা ডার্নকে নেয়া হয়েছে।
এই সিজনের অন্যতম আকর্ষণ হবে সাংস্কৃতিক দ্বন্দ্ব যা আগের সিজনগুলোর মতোই হাস্যরসের প্রধান উৎস। আমেরিকান তারকাদের প্রত্যাশা ও ফরাসি আতিথেয়তার সরল, কখনো কঠোর বাস্তবতার মধ্যে তৈরি হবে নানা অস্বস্তিকর ও হাস্যকর মুহূর্ত। গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকা এ টানাপড়েনই ‘হোয়াইট লোটাস’-এর মূল স্বরকে আরো গভীর করে তোলে।
বাস্তব কান উৎসবের বিশৃঙ্খলা এড়াতে শুটিংয়ের বড় অংশ হবে উৎসব শেষ হওয়ার পর। তখন পুরো পরিবেশটিকে নতুন করে সাজিয়ে তৈরি করা হবে কল্পিত এক উৎসবমুখর মঞ্চ। তবুও কিছু বাস্তব মুহূর্ত ধারণ করা হবে।
সব মিলিয়ে ‘দ্য হোয়াইট লোটাস’-এর এ নতুন সিজন শুধু একটি টেলিভিশন সিরিজ নয়, বরং এটি চলচ্চিত্রজগতের অন্তরালের এক ব্যঙ্গাত্মক প্রতিচ্ছবি। সিরিজে খ্যাতি ও ক্ষমতার মোহ মানুষের সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করে। কান চলচ্চিত্র উৎসবের মতো এক গ্ল্যামারাস মঞ্চে দাঁড়িয়ে সেই গল্প আরো উজ্জ্বল, আরো তীক্ষ্ণ হয়ে উঠতে চলেছে।
সূত্র ও ছবি: ভ্যারাইটি










