এটি ১৯৫৬ সাল থেকে আয়োজন করে আসছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)। এ বছর প্রথমবারের মতো এর আঞ্চলিক সংস্করণ ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’-তে অংশ নিচ্ছে বাংলাদেশ।
এ আসরের জন্য বাংলাদেশের প্রতিনিধি খুঁজতে আয়োজন করা হয়েছে ‘ভয়েস অব বাংলাদেশ’ নামের একটি প্রতিযোগিতা। ওটিটি প্লাটফর্ম বঙ্গের আয়োজনে গতকাল বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত জানানো হয়। বিচারকের আসনে ছিলেন সংগীতাঙ্গনের পরিচিত মুখ—ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন।
সংবাদ সম্মেলনে ‘ভয়েস অব বাংলাদেশ’ আয়োজনের তাৎপর্য তুলে ধরে সংগীতশিল্পী ফাহমিদা নবী বলেন, ‘বঙ্গকে অনেক ধন্যবাদ, বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার মতো একটা প্লাটফর্ম তৈরির কথা তারা ভেবেছে। বাংলাদেশের বাংলা গানকে বিশ্বের কাছে পৌঁছে দেয়ার স্বপ্ন আমাদের সবার। বঙ্গ ও ইউরোভিশনের যৌথ আয়োজন “ভয়েস অব বাংলাদেশ” সেই স্বপ্নকে এগিয়ে নেয়ার একটা চমৎকার উদ্যোগ।’
প্রতিযোগিতায় নিজে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করে তিনি আরো বলেন, ‘জাজ না হলে হয়তো আমি নিজেই এ প্রতিযোগিতায় অংশ নিতাম, কারণ এটি একদম মৌলিক গানের প্রতিযোগিতা, পুরনো গান নয়। যারা সত্যিকার অর্থে ভালো গায়, কিন্তু সুযোগের অভাবে পিছিয়ে আছে, তাদের জন্য এটি বড় একটি প্লাটফর্ম। আমরা এ স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করব, বাকিটা সময়ই বলে দেবে।’
আয়োজনের ভিন্নধর্মী দিক তুলে ধরে সংগীতশিল্পী বাপ্পা মজুমদার বলেন, ‘আমার কাছে পুরো আইডিয়াটাই অত্যন্ত চমৎকার ও নতুন বলে মনে হয়েছে। সাধারণত এমন আয়োজনে নতুন শিল্পীরাই আসেন, কিন্তু এখানে দেশের প্রতিষ্ঠিত ও অভিজ্ঞ সংগীতশিল্পীদের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ থাকছে। বিশ্বদরবারে অফিশিয়ালি আমাদের বাংলা গান নিয়ে পা রাখার এটাই উপযুক্ত সময়। এমন ঐতিহাসিক উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত ও ভীষণ আশাবাদী।’
‘ভয়েস অব বাংলাদেশ’-এর প্রাথমিক বাছাই শেষে বর্তমানে সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং পর্ব। আগামী ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবে বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি।
নির্বাচিত শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এশিয়ার এ আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস।
প্রতিযোগিতার বিভিন্ন পর্ব ও গ্র্যান্ড ফিনাল সম্প্রচার করবে ওটিটি প্লাটফর্ম বঙ্গ ও এনটিভি।










