সম্প্রতি শোনা যাচ্ছিল এটি আবার খোলা হবে। কাজটি করার উদ্যোগ নিয়েছেন রাজ কাপুরের নাতি রণবীর কাপুর। নানা কথাই হচ্ছিল এবং গণমাধ্যম সংবাদও প্রকাশ করেছে। কিন্তু সম্প্রতি কারিনা কাপুর জানালেন আরকে স্টুডিও নতুন করে চালু করা হচ্ছে না।

আগের কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে রণবীর শহরে একটি বড় জায়গা ২০ বছরের লিজে নিয়েছেন। তবে ইটাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে কারিনা জানান, আরকে স্টুডিও নতুন করে শুরু করার খবরটি সত্য নয়। বিষয়টি তাদের পারিবারিক গ্রুপেও আলোচনা হয়েছে এবং সবাই একমত হয়েছেন যে এটি হচ্ছে না।

কারিনা বলেন, ‘দাবিটা একদমই সত্য নয়। আমাদের পরিবারেও এটা নিয়ে আলোচনা হয়েছিল এবং সবাই বলেছে, ‘‘এটা হচ্ছে না”।’ আমার মনে হয়, মানুষ খুব চায় আরকে স্টুডিও পুনরায় চালু হোক। কিন্তু রণবীর এখন অভিনয়ে মনোযোগী। হয়তো লোলো (কারিশমা কাপুর) আর রণবীর এটা নিয়ে পরে কখনো ভাবতে পারে।’

এর আগে শোনা গিয়েছিল, রণবীর আরকে স্টুডিওর ব্যানারে তার পরিচালনায় অভিষেক করার পরিকল্পনা করছেন। এছাড়া মুম্বাইয়ে আরকে ফিল্মসের জন্য একটি নতুন জায়গা তৈরি করার আগে তিনি একটি শক্তিশালী সৃজনশীল লাইনআপ তৈরির কাজও করছেন বলে খবর প্রকাশ হয়েছিল।

আরকে ফিল্মস ব্যানারের শেষ সিনেমা ছিল আ আব লওট চলে। ২০১৭ সালে স্টুডিওতে ভয়াবহ আগুন লাগে। এর ফলে আরকে ফিল্মসের পুরনো সম্পদ ও স্মৃতিচিহ্ন নষ্ট হয়ে যায় এবং শেষ পর্যন্ত স্টুডিওটি কার্যত অচল হয়ে পড়ে। পরবর্তী সময়ে জানা যায়, ২০১৯ সালের মে মাসে কাপুর পরিবার প্রায় ১৮০ কোটি টাকায় আরকে স্টুডিওর মূল জমিটি গদরেজ প্রপার্টিজের কাছে বিক্রি করে দেয়।

সূত্র ও ছবি: মিড-ডে