স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে সংগীত, কবিতা আবৃত্তি, নাটক, আলোচনা ও আলেখ্যানুষ্ঠানসহ নানা আয়োজনে সাজানো হয়েছে আজকের সম্প্রচারসূচি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টা ৩৫ মিনিটে একটি বিশেষ সংগীতানুষ্ঠানের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে। দুপুর ১২টায় প্রচারিত হবে দেশাত্মবোধক কবিতা আবৃত্তির অনুষ্ঠান। এরপর ১২টা ৪৫ মিনিটে থাকছে সংগীতানুষ্ঠান ‘স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন’। এ আয়োজনে গান পরিবেশন করবেন দিঠি আনোয়ার, পিয়াল হাসান, সোহেল মেহেদি, লায়লা ইয়াসমিন লাবণ্য, লাবণী আক্তার, চম্পা বনিক, অন্তর, মৌসুমী ইকবাল ও রাফিজা আক্তার।
বেলা দেড়টায় প্রচারিত হবে ১৯৭১ সালের ২৬ মার্চ দেশী-বিদেশী পত্রিকায় প্রকাশিত সংবাদের বিশ্লেষণধর্মী একটি বিশেষ অনুষ্ঠান। বিকাল সাড়ে ৪টায় থাকছে স্বরচিত কবিতা পাঠের আসর। আর বিকাল ৫টায় প্রচারিত হবে আরেকটি সংগীতানুষ্ঠান। সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে বিশেষ আলোচনা অনুষ্ঠান, যেখানে স্বাধীনতার ইতিহাস ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হবে।
রাত ৯টায় সম্প্রচারিত হবে আব্দুল আজিজের রচনা ও নাসির উদ্দিনের প্রযোজনায় বিশেষ নাটক ‘ওঁরা ছিলেন বলেই’। নাটকটিতে অভিনয় করেছেন আব্দুল আজিজ, প্রমা আজিজ, শ্যামল হাসান, কবির টুটুল, ঈশিকা আজিজ, খন্দকার শাহ আলম, ম. ম. মোর্শেদ, মারুফ আকিব ও সাবিহা জামানসহ অনেকে। মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটি।
রাত ১০টায় প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান ‘মুক্তির পতাকা আমার’। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনা ও নাদিয়া হকের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে একক ও দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তির সমন্বয় ঘটানো হয়েছে। এতে দেশাত্মবোধক গান পরিবেশন করেছেন সামিনা চৌধুরী ও স্বরলিপি। পাশাপাশি দলীয় পরিবেশনায় থাকছে জনপ্রিয় গান ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ ও ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’।
এছাড়া দিবসটি উপলক্ষে রাজধানীর জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ, তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে কুচকাওয়াজ, সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা পরিবেশনা এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিটিভি।
স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই বিশেষ আয়োজন সাজিয়েছে রাষ্ট্রায়ত্ত এ টেলিভিশন।










