ছোট ও বড় পর্দার ব্যস্ততম অভিনেত্রীদের একজন সুষমা সরকার। অভিনয়ের প্রতিটি চরিত্রে তিনি যেন নতুন করে নিজেকে আবিষ্কার করেন। কখনো আবেগঘন নাটকের সংবেদনশীল নারী, আবার কখনো রুপালি পর্দায় দৃঢ় ও সাহসী উপস্থিতি। সব ক্ষেত্রেই নিজের অভিনয়গুণে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি।

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে সুষমা সরকার জানান, এ সময়ে তার ধারাবাহিক নাটকের কাজই বেশি চলছে। পাশাপাশি মঞ্চনাটক ও একক নাটকেও নিয়মিত অভিনয় করছেন তিনি। কাজের মধ্যেই কেটে যাচ্ছে তার দিনগুলো।

মিডিয়ায় কাজ শুরু করার গল্প বলতে গিয়ে সুষমা সরকার জানান, তিনি কখনো কল্পনাও করেননি যে মিডিয়ায় কাজ করবেন বা অভিনেত্রী হবেন। এমনকি এটি তার স্বপ্নের মধ্যেও ছিল না। তার ইচ্ছা ছিল বিমানবালা হওয়ার। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড্রামা অ্যান্ড ড্রামাটিকস বিভাগে ভর্তি হওয়ার পর ধীরে ধীরে নাটকের প্রতি ভালোবাসা তৈরি হয়। তখন থেকেই মঞ্চে কাজ শুরু করেন তিনি।

এরপর জয়া আহসান ও এটিএম শামসুজ্জামানের সঙ্গে কাজ করার সুযোগ পান সুষমা সরকার। সে সময় তার ভরসার জায়গা ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। তার মতে, গিয়াস উদ্দিন সেলিম ক্যামেরার সামনে অভিনয়কে ভেতর থেকে ফুটিয়ে তুলতে পারেন। তবে মঞ্চ থেকে টেলিভিশনে আসার শুরুতে কিছুটা কষ্ট হয়েছিল বলে জানান তিনি। কারণ মঞ্চ আর টেলিভিশনের সংলাপ বলার ধরনে রয়েছে স্পষ্ট পার্থক্য। প্রথম দিকে বিষয়টি নিয়ে তার ভেতর ভয়ও কাজ করত।

মঞ্চ অভিনয়ের গুরুত্ব নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘মঞ্চে ভালো অভিনয় করলেই যে পর্দায় ভালো অভিনয় করা যাবে, এমনটা নিশ্চিত নয়। কারণ মঞ্চ আর টেলিভিশনের অভিনয় একেবারেই আলাদা। আমাদের দেশে অনেক গুণী শিল্পী আছেন, যারা মঞ্চে অসাধারণ অভিনয় করেন, কিন্তু টেলিভিশনে তেমনভাবে নিজেকে তুলে ধরতে পারেননি। তবে মঞ্চ একজন অভিনয়শিল্পীকে শৃঙ্খলা ও ডিসিপ্লিন শেখায়, যা একজন অভিনেতার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিজের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘সব কাজই তিনি মন থেকে ভালোবেসে করেন। তবে তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে বর্ণে গন্ধে ছন্দে গানে নারী নির্যাতন নিয়ে নির্মিত একটি টিভিসির মাধ্যমে। সেটি প্রচারের পর ব্যাপক সাড়া ফেলে এবং তার অভিনয় নতুনভাবে আলোচনায় আসে। তখন থেকেই তার অভিনয় জীবনে নতুন মোড় আসে বলে মনে করেন তিনি।

এখনো সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় না করার আক্ষেপ রয়েছে সুষমা সরকারের। সুযোগ পেলে যেকোনো কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করতে প্রস্তুত বলে জানান এ অভিনেত্রী।