গ্রিক মহাকাব্যের অনুপ্রেরণায় সিনেমাটি নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান। কিন্তু সিনেমাটির ট্রেইলার প্রকাশের পরই শুরু হয়েছে সমালোচনা। সিনেমায় দেখানো গ্রিক সেনাদের বর্মের নকশা, ব্যবহৃত ভাষার পাশাপাশি ট্র্যাভিস স্কটের কাস্টিংও সমালোচিত। অবশেষে সে সমালোচনার জবাব দিয়েছেন ক্রিস্টোফার নোলান।

সম্প্রতি টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিয়েছেন নোলান। সেখানে তিনি ও তার ক্রিয়েটিভ টিম দি ওডিসির নানা দিক নিয়েই কথা বলেছেন। গ্রিক সেনাদের বর্মকে ব্যাট স্যুটের মতো লাগছে, এমন সমালোচনার উত্তরে নোলান বলেন, ‘মাইসেনীয় যুগের কিছু ছুরি আছে, যেগুলো কালচে ব্রোঞ্জ দিয়ে তৈরি। ধারণা করা হয়, সেই সময়েও তারা ব্রোঞ্জকে কালো করতে পারত। ব্রোঞ্জের সঙ্গে বেশি পরিমাণে স্বর্ণ ও রুপা মিশিয়ে, তারপর সালফার ব্যবহার করা হতো। আগামেমননের ক্ষেত্রে আমাদের কস্টিউম ডিজাইনার এলেন মিরোজনিক বোঝাতে চেয়েছেন তিনি অন্যদের তুলনায় কতটা উচ্চমর্যাদার। সেটা প্রকাশ করতে আমরা এমন উপকরণ ব্যবহার করেছি, যেগুলো অত্যন্ত ব্যয়বহুল হতো।’

12

নোলান আরো ব্যাখ্যা করেন তিনি র‍্যাপার ট্র্যাভিস স্কটকে একজন গায়ক-কবি চরিত্রে কেন কাস্ট করেছেন। নোলান বলেন, ‘আমি বোঝাতে চেয়েছি গল্পটি মৌখিক কবিতার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে এসেছে, যা এক অর্থে র‍্যাপ সংগীতের সঙ্গে তুলনীয়। এ কারণেই ট্র্যাভিস স্কটকে কাস্ট করা।’

কাস্টিংসহ যেকোনো বিষয়ে নির্ভুল থাকার জন্য নোলান বিখ্যাত। ইন্টারস্টেলার সিনেমার ক্ষেত্রে তিনি পদার্থবিজ্ঞানের যথাসম্ভব নির্ভুল উপস্থাপনার জন্য বিজ্ঞানীদের একটি দল নিয়োগ করেছিলেন। দি ওডিসির জন্যও একই ধরনের পদ্ধতি অনুসরণ করেছেন। ওডিসি নিয়ে তিনি ইতিবাচক ধারণাই পোষণ করেন। তিনি বলেন, ‘আশা করি দর্শক সিনেমাটি উপভোগ করবে, যদিও তারা সব বিষয়ে একমত নাও হতে পারে। ইন্টারস্টেলার নিয়েও অনেক বিজ্ঞানী অভিযোগ করেছিলেন।’

সিনেমার জন্য নোলান তৈরি করেছেন বিশাল সেট। কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়নি। এটি নোলানের ক্যারিয়ারের প্রথম সিনেমা, যা তিনি পুরোটাই ৭০ মিমি আইম্যাক্স ক্যামেরায় শুট করেছেন।

২৫ কোটি ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটিতে ওডিসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ড্যামন। তার স্ত্রী পেনিলোপের চরিত্রে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে। তারকাবহুল কাস্টে এ সিনেমার টেলিমেকাস চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড, অ্যান্টিনোয়াস চরিত্রে টম হল্যান্ড, হেলেন অব ট্রয় চরিত্রে লুপিতা নিয়ঙ’ও, অ্যাথেনা চরিত্রে জেন্ডেয়া, ক্যালিপসো চরিত্রে চার্লিজ থেরন, মেনেলাউস চরিত্রে জন বার্নথাল ও আগামেমনন চরিত্রে অভিনয় করেছেন বেনি সাফদি।

সূত্র: ভ্যারাইটি