মালয়ালম সিনেমা লোকাহ চ্যাপ্টার ওয়ান-চন্দ্রা বক্স অফিসে ঝড় তুলেছে। এরই মধ্যে ২০০ কোটি আয়ের রেকর্ড স্পর্শ করেছে এ সিনেমা। অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনের জন্যও এটি অনন্য রেকর্ড। ছবির প্রযোজক দুলকার সালমান সম্প্রতি দ্য হলিউড রিপোর্টারকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ছবিটির শুরুর সময় অনেকে চিন্তিত ছিলেন। বিশেষ করে কল্যাণীর বাবা প্রিয়দর্শনও দুশ্চিন্তা করেছেন। এটি এখন দারুণ সাফল্য এনে দিয়েছে। এ কারণে এখন সবাই গর্বিত। কল্যাণীর বাবা প্রিয়দর্শনও আনন্দিত।

দুলকার সালমান বলেন, ‘লোকাহ চ্যাপ্টার ওয়ান-চন্দ্রা নিয়ে মালয়ালম চলচ্চিত্রের সুপরিচিত ও কিংবদন্তি অভিনেতা মামুট্টি ও পরিচালক প্রিয়দর্শনও প্রথমে সন্দিহান ছিলেন। কল্যাণীর বাবা বলেছিলেন, ‘‘তুমি এ ছবি নিয়ে কেন বাজি ধরছ?’’ সবাই ভাবছিল আমরা একটু পাগল, কিন্তু এখন তারা সবাই খুশি।’ অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন তার বাবার প্রতিক্রিয়া শেয়ার করেছেন। তিনি বলেন, ‘সাফল্যের পর বাবা প্রথম বার্তা পাঠালেন, ‘‘সাফল্য তোমাকে উন্নত করুক এবং ব্যর্থতা তোমার হৃদয় আঘাত না করুক।’’ একই সঙ্গে তিনি প্রতিদিন আমাকে মনে করিয়ে দিচ্ছেন, এ সাফল্য যেন আমি ধরে রাখি।’ এ ছবির সাফল্য শুধু কল্যাণীর জন্য নয়, বরং মালয়ালম সিনেমা জগতে একটি মাইলফলক হিসেবেও বিবেচিত হচ্ছে।

লোকাহ চ্যাপ্টার ওয়ান-চন্দ্রার সাফল্য প্রমাণ করেছে, সঠিক কনটেন্ট ও সাহসী প্রযোজনার মাধ্যমে আঞ্চলিক সিনেমাও আন্তর্জাতিক মানের রেকর্ড গড়তে পারে। কল্যাণী প্রিয়দর্শনের জন্য এটি যেমন ক্যারিয়ারের নতুন মুকুট, তেমনি দুলকার সালমান ও মামুট্টির মতো তারকাদের গর্বের মুহূর্ত। সিনেমাটি শুধু ব্যবসায়িকভাবে নয়, মালয়ালম চলচ্চিত্রের ভবিষ্যৎকে নতুন স্বপ্ন দেখাতে সাহায্য করছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস