প্রেম, প্রকৃতি, দেশপ্রেম ও মানবিকতার গানে তিনি অনন্য। এ জীবন্ত কিংবদন্তির জীবন ও কর্ম নিয়ে তৈরি হয়েছে একটি বিশেষ প্রামাণ্যচিত্র। এর নাম রাখা হয়েছে ‘গল্প আছে এখানে...’। এটি নির্মাণ করেছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তিনি এর আগে নায়করাজ রাজ্জাক ও কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে কাজ করেছেন। এবার তার ক্যামেরার ফ্রেমে বন্দি হয়েছেন জীবন্ত কিংবদন্তিতুল্য শিল্পী সৈয়দ আব্দুল হাদী।

এ প্রামাণ্যচিত্রে রয়েছে শিল্পীর দীর্ঘ সংগীতযাত্রার সোনালি ইতিহাস। রয়েছে তার জীবনের নানা চড়াই-উতরাই ও সংগ্রামের কথা। শুনিয়েছেন সংগীতজীবনের শুরুর গল্প। বাংলাদেশের আধুনিক বাংলা গানের বিবর্তন নিয়েও কথা বলেছেন তিনি। সমকালীন সংগীতের চর্চা নিয়ে নিজের মূল্যবান মতামত জানিয়েছেন। একই সঙ্গে নতুন প্রজন্মের শিল্পীদের প্রতি তার বিশেষ প্রত্যাশার কথা বলেছেন।

নির্মাতা শাইখ সিরাজ বলেন, ‘সৈয়দ আব্দুল হাদী আমাদের সাংস্কৃতিক ইতিহাসের এক বিশাল অধ্যায়। তার গান আমাদের ব্যক্তিগত স্মৃতি ও জাতির আবেগের সঙ্গে মিশে আছে। এ কাজের মাধ্যমে তার জীবনের গভীর চিন্তা ও দর্শনকে ধারণ করা হয়েছে। এটি বর্তমান ও আগামী প্রজন্মের জন্য এক মূল্যবান দলিল হবে। এর মাধ্যমে দর্শক সৈয়দ আব্দুল হাদীর সাধনার গল্প জানতে পারবেন। এটি মূলত এ গুণী শিল্পীর প্রতি চ্যানেল আইয়ের এক অনন্য শ্রদ্ধার্ঘ্য।’

আগামী ১ জুলাই এ গুণী শিল্পীর ৮৬তম জন্মদিন। এদিন বিশেষ প্রামাণ্যচিত্রটি বিকাল ৫টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।