মাথায় আঘাত পেয়েছেন অভিনেতা টম হল্যান্ড। তার আসন্ন সুপারহিরো সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর শুটিং সেটে শুক্রবার এ ঘটনা ঘটে। ভ্যারাইটি ও ডেডলাইন এ খবর নিশ্চিত করেছে। এ ঘটনায় তিনি সতর্কতামূলকভাবে কয়েক দিনের জন্য শুটিং থেকে বিরতি নিচ্ছেন এবং এরপর আবার সেটে ফিরবেন। মার্ভেলের সঙ্গে সিনেমাটিতে যুক্ত আছে সনি। তারা গতকাল একটি মিটিংয়ে বসে সিনেমার ভবিষ্যৎ নিয়ে আলাপ করে।

স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডের শুটিং আগস্টের প্রথম সপ্তাহে গ্লাসগোয় শুরু হয়। সিনেমাটি আগামী বছর ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। গত মাসে সনি হল্যান্ডের নতুন স্পাইডার-সুট পরিহিত একটি ভিডিও প্রকাশ করে। এটি ছিল ২০২১ সালের স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম-এর পর তার প্রথমবার স্পাইডার-ম্যান হিসেবে ফিরে আসা।

ভিডিওটিতে হল্যান্ড বলেন, ‘এটা আমার চতুর্থ স্পাইডার-ম্যান মুভিতে প্রথম দিনের শুটিং। মজার ব্যাপার, এবার সুট পরে একটু আলাদা লাগছে। এবারই প্রথম দিনে সেটে ভক্তরা ছিল, এটা দারুণ এক অভিজ্ঞতা তাদের সঙ্গে ভাগ করে নেয়া। সেটে কিছু চেনা মুখও আছে। আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করব, ঠিকঠাক করতে পারলেই হলো, চাপ নেই।’

স্পাইডার-ম্যানে বরাবরের মতো আছেন চেনা মুখ জেন্ডায়া ও জ্যাকব বাতালন। পাশাপাশি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে নতুন যুক্ত হওয়া অভিনেতাদেরও দেখা যাবে। এছাড়া মার্ক রুফালো থাকছেন ব্রুস ব্যানার/হাল্ক চরিত্রে। অন্যদিকে জন বার্থনল আসছেন পানিশার হয়ে। স্করপিয়ন চরিত্রে দেখা যাবে মাইকেল ম্যান্ডোকে।

মার্ভেলের অবস্থা বর্তমানে বেশ নাজুক। সে জায়গা থেকে সিনেমাটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। অতীতেও স্পাইডার-ম্যানের যেকোনো সিনেমা মার্ভেলের জন্য লাভজনক প্রমাণ হয়েছে।

সূত্র: ভ্যারাইটি