অস্কার পুরস্কার পেলেন হলিউড অভিনেতা টম ক্রুজ—অভিনয় জীবনের বহু প্রতীক্ষিত সম্মানসূচক পুরস্কার এবার উঠল এই সুপারস্টারের হাতে। টম ক্রুজ অর্জন করলেন তার অভিনয় জীবনের বহু প্রতীক্ষিত সম্মানসূচক এ পুরস্কার। দীর্ঘ সময় ধরে এ মর্যাদাপূর্ণ স্বীকৃতির অপেক্ষায় ছিলেন তিনি। অবশেষে রোববার ১৬ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত গভর্নরস অ্যাওয়ার্ডসের মঞ্চে সেই প্রত্যাশার সফল পরিণতি ঘটে। অনুষ্ঠানে মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি ইনারিতু টম ক্রুজের হাতে এ বিশেষ সম্মাননা তুলে দেন।
পুরস্কার গ্রহণের মুহূর্তটি ছিল আবেগঘন। মঞ্চে উঠে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি টম ক্রুজ। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নির্মাতা, শিল্পী, সহকর্মী এবং তার যাত্রার সঙ্গীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তিনি। নিজের বক্তব্যে টম ক্রুজ বলেন, ‘সিনেমা তাকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে গেছে, মানুষকে বুঝতে শিখিয়েছে, ভিন্নতা দেখিয়েছে আবার মিলও খুঁজে দিয়েছে।’ তার কথায়, অন্ধকার হলে দর্শক একসঙ্গে হাসে, কাঁদে, স্বপ্ন দেখে—এ অভিজ্ঞতাই সিনেমার শক্তি। তার কাছে ফিল্ম নির্মাণ শুধু একটি পেশা নয়, বরং এটি তার অস্তিত্বেরই অংশ।
নিজের ছোটবেলার অনুপ্রেরণার কথাও তুলে ধরেন টম ক্রুজ। তিনি বলেন, ‘ছোটবেলায় অন্ধকার হলঘরে এক টুকরো আলো যখন পর্দায় ছড়িয়ে পড়ত, তখনই কল্পনার নতুন দিগন্ত খুলে যেত। সেই আলোতরঙ্গই জীবনের স্বপ্ন, চরিত্র নির্মাণ ও গল্প বলার ক্ষুধা জাগিয়ে তোলে। সেই আলোর পথে আমি আজও হাঁটছি।’
টম ক্রুজ এখন পর্যন্ত চারবার অস্কার মনোনয়ন পেয়েছেন। ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ ও ‘জেরি ম্যাগুয়ার’-এর জন্য সেরা অভিনেতা, ‘ম্যাগনোলিয়া’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেতা এবং ‘টপ গান: ম্যাভেরিক’-এর প্রযোজক হিসেবে সেরা সিনেমার মনোনয়ন পেয়েছেন। তবে অনারারি অস্কার এবার তাকে নিয়ে গেল কিংবদন্তিদের কাতারে। অনুষ্ঠানে আরো সম্মাননা পেয়েছেন ডেবি অ্যালেন, উইন থমাস ও মানবিক অবদানের জন্য ডলি পার্টন।
সূত্র: ভ্যারাইটি










