তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবারের আয়োজনের সময়সূচি ও ভেন্যুতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পূর্ব নির্ধারিত আগামী ২৫ ও ২৬ জুলাইয়ের পরিবর্তে উৎসবটি এখন অনুষ্ঠিত হবে আগামী ২ আগস্ট। দুদিনের বদলে একদিনের এ ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ও কালচারাল প্রোগ্রাম ২০২৬’-এর নতুন ভেন্যু নির্ধারণ করা হয়েছে লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউডের বিখ্যাত ‘চার্চ অব সায়েন্টোলজি’ মিলনায়তনে।
তারিখ ও ভেন্যু পরিবর্তনের বিষয় নিশ্চিত করে আনন্দ মেলার চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী জানিয়েছেন, বিশ্বকাপ ক্রিকেট খেলা এবং কাছাকাছি সময়ে ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কারণে সার্বিক দিক বিবেচনা করেই তারা এবারের আনন্দ মেলা একদিন করার সিদ্ধান্ত নিয়েছেন। আগের তারিখ পরিবর্তন করে আগামী ২ আগস্ট তা চূড়ান্ত করা হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এবারের আয়োজন আগের চেয়ে আরো বেশি বর্ণাঢ্য ও উপভোগ্য হবে।
জানা যায়, এবারের আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। এ জমকালো আয়োজনে তাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হবে।
এদিকে আয়োজক খান মোহাম্মদ আলী জানিয়েছেন, এবারের সাংস্কৃতিক পর্বে সুরের জাদু ছড়াবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুল। এছাড়া প্রবাসীদের আনন্দ দিতে মঞ্চে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় তারকা দম্পতি নাদিয়া আহমেদ ও এফএস নাঈম। পাশাপাশি মঞ্চ মাতাতে আলিফ ও আবু নাইমও পারফর্ম করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।










