পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয়েছে এ বিশেষ সংগীতানুষ্ঠান। আগামী ৩১ জুলাই বনানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হতে যাওয়া এ আয়োজনের নাম রাখা হয়েছে ‘একদিন বৃষ্টিতে বিকেলে’। অনুষ্ঠানটি আয়োজন করেছে ‘আজব কারখানা’। কনসার্ট নিয়ে গণমাধ্যমকে জয় শাহরিয়ার বলেন, ‘এ আয়োজনে আমরা অঞ্জন দত্তের গান গাইব, পাশাপাশি নিজেদের কিছু গান করব। আমাদের নিজেদের গানগুলোও অঞ্জন দত্তকে ট্রিবিউট করে গাইব।’

অঞ্জন দত্তের গানের পাশাপাশি নিজেদের গানও পরিবেশন করবেন তিন শিল্পী। সন্ধ্যা ৭টায় শুরু হবে কনসার্টের মূল আয়োজন। টিকিটের দাম রাখা হয়েছে ৭০০ টাকা (আর্লি বার্ড) এবং ১ হাজার টাকা (অন স্পট)।

দুই বাংলার মানুষের কাছে অঞ্জন দত্তের জনপ্রিয়তা নব্বই দশক থেকে, তবে তার শুরুটা হয়েছিল সিনেমায়। আশির দশকের শুরুতে চলচ্চিত্রকার মৃণাল সেনের হাত ধরে সিনেমার দুনিয়ায় পা রাখেন অঞ্জন। এখন পর্যন্ত তার ঝুলিতে আছে ২৭টির বেশি সিনেমা। অভিনয়ের পাশাপাশি নব্বইয়ের শুরু থেকে গানেও ডুবে আছেন তিনি। কেবল অ্যালবাম নয়, ঢাকা ও কলকাতাসহ বিভিন্ন শহরে নিয়মিত কনসার্টও করে চলেছেন তিনি। ১৯৯৮ সাল থেকে সিনেমা নির্মাণও করছেন অঞ্জন, আর কয়েক বছর আগে যুক্ত হয়েছেন ওটিটিতেও। অভিনয়ও চলছে পুরোদমে।

অঞ্জন দত্তের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘খাদের ধারের রেলিংটা’, ‘রঞ্জনা’, ‘আমি বৃষ্টি দেখেছি’, ‘মালা’, ‘ম্যারিঅ্যান’, ‘তবুও এমন সকাল আসবে’, ‘চোখের জল কিম্বা পানি’, ‘চ্যাপ্টা গোলাপ ফুল’, ‘এটা কি ২৪৪১১৩৯’, ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘এখনও তাই’, ‘দার্জিলিং’, ‘তবু যদি তুমি আসতে চাও’, ‘কত কিছু করার ছিল যে’ এবং ‘তোমার জংলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি’।