বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণ করছেন তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়। সিনেমার নাম রাখা হয়েছে ‘রাক্ষস’। সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শক-সমালোচকদের মধ্যে তৈরি হয়েছিল কৌতূহল। বিশেষ করে সিয়ামের বিপরীতে কে থাকবেন, এ প্রশ্নের উত্তর জানতে আগ্রহ ছিল সবার। অবশেষে সে জল্পনার অবসান ঘটল। জানা গেছে, রাক্ষসের নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।
প্রথমে গুঞ্জন উঠেছিল, সিয়ামের বিপরীতে কয়েকজন আলোচিত অভিনেত্রীর নাম ভাবা হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত করা হয়নি এতদিন। অবশেষে নতুন খবর এসেছে। সবশেষ আলোচনার পর সাবিলা নূরকেই চূড়ান্ত করা হয়েছে। সূত্র জানিয়েছে, তিনি এরই মধ্যে সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। শিগগিরই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
এর আগে রায়হান রাফীর পরিচালনায় শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল সাবিলার। সে সিনেমায় তাকে নতুন রূপে দেখে দর্শক চমকিত হয়েছিলেন। আবারো তিনি বড় পর্দায় ফিরছেন, তবে এবার সিয়ামের বিপরীতে। শাকিব খানের পর সিয়ামের সঙ্গে তার জুটি বাঁধা নিয়ে ভক্তদের মধ্যে নতুন আগ্রহ তৈরি হয়েছে।
নির্মাতা মেহেদী হাসান হৃদয় এর আগে তার প্রথম সিনেমা ‘বরবাদ’ বানিয়েছিলেন। সে সিনেমায় প্রধান চরিত্রে ছিলেন শাকিব খান, আর তার বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। তবে নতুন সিনেমায় ভিন্ন পরিকল্পনা নিয়েছেন হৃদয়। তিনি এবার দেশী অভিনেত্রীকে নায়িকা হিসেবে নেয়ার সিদ্ধান্তে অটল থেকেছেন। সে ধারাবাহিকতায় সাবিলা নূরকে বেছে নিয়েছেন।
এখন পর্যন্ত সিনেমাটির গল্প বা চরিত্র সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। জানা গেছে, নির্মাতা ইচ্ছাকৃতভাবেই বিষয়টি গোপন রেখেছেন। তবে এটি যে ভিন্নধর্মী একটি সিনেমা হবে, তা এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন তিনি। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অচিরেই একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে রাক্ষসের নায়ক-নায়িকা ছাড়াও সিনেমার পুরো অভিনয়শিল্পী ও কলাকুশলীর নাম প্রকাশ করা হবে।
সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের রোজার ঈদেই মুক্তি পাবে রাক্ষস। ফলে সিনেমাটি মুক্তির আগেই সিয়াম-সাবিলা জুটিকে ঘিরে দর্শক-ভক্তদের মধ্যে উন্মাদনা শুরু হয়েছে।










