সম্প্রতি জাকারিয়া সৌখিনের পরিচালনায় ‘কাজল চোখের মেয়ে’ নামের একটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি, যেখানে তার বিপরীতে ছিলেন ফারহান আহমেদ জোভান। এছাড়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘পথহারা মন’ নামের একটি ফিকশনের কাজে ব্যস্ত আছেন তিনি। ১০ জুলাই এ নাটকের শুটিং শুরু হয়েছে। পাশাপাশি ক্যাপিটাল ড্রামার ব্যানারে তার আরো দুটি নতুন কাজ আসছে সামনে, যার একটি পরিচালনা করছেন রুবেল হাসান, অন্যটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত।

সম্প্রতি জোভান ও ইয়াশ রোহানের সঙ্গে নাটকে তাকে বেশি কাজ করতে দেখা যায়। এ প্রসঙ্গে তটিনী বলেন, ‘সত্যি বলতে সবার সঙ্গেই কাজ করি। জোভান ভাই, ইয়াশ ভাই, তৌসিফ ভাই, খায়রুল বাসার ভাই—যারা এখন নিয়মিত কাজ করছেন, তাদের সবার সঙ্গেই অভিনয় করেছি। জুটি তো নিজেরা তৈরি করা যায় না। এটা দর্শক তৈরি করে দেয়।’

অভিনেত্রী আরো বলেন, ‘কোনো জুটিকে দর্শক বেশি পছন্দ করলে স্বাভাবিকভাবেই তাদের কাজ বেশি হয়, এটা শুধু নাটকে নয়, সব ক্ষেত্রেই ঘটে। আগে নিশো ও মেহজাবীনের জুটি দর্শকপ্রিয় ছিল। এখনো দর্শকের চাহিদার ওপরই সবকিছু নির্ভর করে। আমরা সে চাহিদা পূরণের চেষ্টা করি।’

নিজের অভিনীত চরিত্র নিয়ে তটিনী জানান, তাকে সাধারণত রোমান্টিক গল্পেই বেশি দেখা যায়, কারণ এ ধরনের কাজই বেশি হয়। তবে সবসময় একটু আলাদা কিছু করার চেষ্টা থাকে তার।

ভিন্ন রকম চরিত্রে অভিনয় নিয়ে তটিনী বলেন, ‘এখনো ডিমেনশিয়া কিংবা শর্ট টার্ম মেমোরি লসের রোগীর চরিত্রে অভিনয় করিনি। সিঙ্গেল মাদার কিংবা অন্তঃসত্ত্বা নারীর চরিত্রও এখনো পর্দায় সেভাবে তুলে ধরিনি। থ্রিলারধর্মী কাজও খুব কম করেছি।’

ওটিটিতে কাজ করার ইচ্ছা আছে তটিনীর। বলেন, ‘ওটিটিতে কাজ করার ইচ্ছা অবশ্যই আছে। কিন্তু নাটকের সুবাদেই আজকের অবস্থানে দাঁড়িয়ে আছি, তাই আমার মনে হয়, নাটকের প্রতি এখনো আমার অনেক দায়িত্ব আছে। আপাতত কোনো কিছুর জন্য নাটক ছাড়ব না।’