আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (একুশে ফেব্রুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে ‘বান্ধব’। অনুপম কথাচিত্র প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। প্রযোজক অনুপ বড়ুয়া জানিয়েছেন, অনেক আগে বান্ধব সেন্সর করা হয়েছে। মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ ফেব্রুয়ারি। সম্পূর্ণ মৌলিক গল্পের এ সিনেমা মুক্তির জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
কুড়িয়ে পাওয়া একটি জন্ম পরিচয়হীন শিশুর জীবনের গল্প উঠে এসে বান্ধবে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌ খান।
নিজের চরিত্র প্রসঙ্গে মৌ বলেন, ‘আমি কমার্শিয়াল সিনেমায় অভিনয় করে অভ্যস্ত, যার কারণে দর্শক সবসময় গ্ল্যামারাস লুকেই পেয়েছে। কিন্তু এবার আমাকে একজন ভিন্ন লুকে দেখবে সবাই, যা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। এই প্রথম ভিন্ন রকম চরিত্রে কাজ করেছি। পুরো জার্নিটাই ছিল চ্যালেঞ্জিং। এ সিনেমায় আমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। বাকিটা দর্শক সিনেমা মুক্তির পর বলবে।’
অনুপ বড়ুয়া বলেন, ‘বান্ধব এর আগে যখন মুক্তি দিতে চেয়েছিলাম, তখন করোনাভাইরাস ছিল। পরে সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’র কাজ শুরু করি। যেহেতু অনুদানের সিনেমা ছিল, তাই ওটা আগে মুক্তি দিতে হয়েছিল। এখন বান্ধব রিলিজ দেয়ার উপযুক্ত সময় এসেছে। তাছাড়া আমাদের এখন ভালো সিনেমার সংকট। এজন্য সিনেমাটা আর আটকে রাখতে চাই না। সবকিছু বিবেচনা করে ২১ ফেব্রুয়ারি মুক্তি দিচ্ছি।’
বান্ধবে প্রথমবার জুটি বেঁধেছেন চিত্রনায়িকা মৌ খান ও সুমিত সেনগুপ্ত। আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, রেবেকা রউফ, জয় রাজ, প্রয়াত সিরাজ হায়দার, আসমা, হাবিব খান, আন্না, শায়লা, উর্মি, আরফান প্রমুখ। বান্ধবে পাঁচটি গান রয়েছে, যার মধ্যে চারটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ ও অন্যটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান ও এমএ রহমান।










