মোশাররফ করিমকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। টেলিভিশন নাটক থেকে শুরু করে টিভিসি, ওভিসি, সিনেমা ও সিরিজে তার স্বচ্ছন্দ পদচারণা। একসময় টেলিভিশন নাটকে বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয় করেছেন। এর মাধ্যমেই দেশের সর্বস্তরের দর্শকের কাছে পৌঁছেছেন ও জনপ্রিয় হয়েছেন মোশাররফ করিম। এরপর তার জয়যাত্রা চলেছে। তিনি একে একে টেলিফিল্ম, টিভি ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করেছেন। ওটিটি আসার পর ওটিটির সিরিজেও তিনি অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। এ দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে বিচিত্র চরিত্রে অভিনয় করেছেন তিনি। এখনো বজায় রাখছেন সে ধারা।
গতকাল মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘ডিমলাইট’-এ তিনি অভিনয় করেছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান চরিত্রে। আজ চ্যানেল আইয়ে তাকে দেখা যাবে ‘অস্থির মোকাম’ নামে একটি টেলিফিল্মে। এছাড়া আজ থেকে ইউটিউবে দেখা যাবে মোশাররফ করিম অভিনীত পশ্চিমবঙ্গের সিনেমা ‘হুব্বা’।
মোশাররফ করিম টিভি নাটকে বহুবার কমেডি করেছেন। কিন্তু কমেডিয়ান চরিত্রে কখনো অভিনয় করেননি। এবার তাকে দেখা যাচ্ছে স্ট্যান্ড আপ কমেডিয়ান চরিত্রে। চরকিতে স্ট্রিম হওয়া ডিমলাইট ওয়েব ফিল্মের জন্য তার এ অবতার। ফিল্মটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন।
মিডলাইফ ক্রাইসিসকে কেন্দ্র করে ডিমলাইটের গল্প আবর্তিত। গল্পটিকে মোশাররফ করিম দেখছেন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। তার মতে, জীবনে নানা কিছুর আবরণ পড়ে। নিত্যনৈমিত্তিক আবরণ থেকে শুরু করে চিনি, টুথপেস্ট, বাচ্চার স্কুলের বেতনের আবরণ। সে আবরণে ঢাকা পড়ে সম্পর্ক। সেখানে থাকে না ফুল বা ফুলের ঘ্রাণ। মোশাররফ করিম বলেন, ‘এসব আবরণ ধীরে ধীরে ভালোবাসাকে ঢেকে ফেলে, প্রেমটাকে আর খুঁজে পাওয়া যায় না। আবার কিছুর ধাক্কার প্রয়োজন হয় এবং বোঝা যায় যে প্রাণভোমরাটা কোথায়। জীবনের মোরাল জিনিসটা খুব শান্ত, ঠাণ্ডা মেজাজি।’
ওয়েব ফিল্মটির বেশকিছু ক্লিপ এরই মধ্যে প্রচার হয়েছে চরকির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে। দর্শক তা পছন্দ করছে।
এদিকে আজ চ্যানেল আইয়ে প্রচার হবে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি অভিনীত টেলিফিল্ম ‘অস্থির মোকাম’। ভিন্নধর্মী এক গল্পে তৈরি হয়েছে টেলিফিল্মটি। সুজিত বিশ্বাসের রচনায় অস্থির মোকাম পরিচালনা করেছেন সোহেল রানা ইমন। এতে আরো অভিনয় করেছেন সামান্তা পারভেজ, আমিন আজাদ, মারুফ মিঠু, হারুন শেখ, মাহবুবুর রহমান প্রমুখ। আজ বেলা ৩টায় প্রচার হতে যাওয়া এ টেলিফিল্মে মোশাররফ করিম মফস্বলের মানুষ। এ ধারার গল্পে তাকে আগেও দেখা গেছে। মোশাররফ করিম তার স্বভাবসুলভ অভিনয়ে চরিত্রটিকে রূপ দিয়েছেন।
মোশাররফ করিম অভিনয়ের মাধ্যমে দেশের সীমানা অতিক্রম করেছেন আরো আগেই। তিনি পশ্চিমবঙ্গে অভিনয় করেছেন হুব্বা নামের একটি সিনেমায়। পশ্চিমবঙ্গের বিখ্যাত মঞ্চ অভিনেতা ও রাজনীতিবিদ ব্রাত্য বসু পরিচালনা করেছেন সিনেমাটি। এতে মোশাররফ অভিনয় করেছেন হুগলীর কুখ্যাত ডন হুব্বা শ্যামলের চরিত্রে। গত বছর ১৯ জানুয়ারি সিনেমাটি মুক্তি পায়। এতে একেবারেই ভিন্ন ধারার চরিত্রে দেখা গেছে মোশাররফকে। এবার সিনেমাটি আসছে ইউটিউবে। দর্শক সহজেই মোশাররফ করিমকে দেখতে পাবে একদম ভিন্ন একটি চরিত্রে।
এছাড়া নিয়মিত বিরতিতে টেলিভিশনে আসছে মোশাররফ করিম অভিনীত নাটক। ইউটিউবেও স্ট্রিম হয় দেশের জনপ্রিয় নির্মাতাদের পরিচালনায় মোশাররফ করিম অভিনীত নাটক। প্রতিটিতেই যেন নতুন রূপে হাজির হন তিনি।










