বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রা। ‘দঙ্গল’ থেকেই দর্শকের নজর কেড়েছেন তিনি। নিজেকে প্রমাণও করেছেন অভিনয় দক্ষতা দিয়ে। তিনি এর মধ্যেই ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করেছেন। এগিয়ে আছেন বৈচিত্র্যের দিক থেকেও। সম্প্রতি মুক্তি পেয়েছে সানিয়া অভিনীত ‘মিসেস’। এ সিনেমায় তিনি একজন সম্ভাবনাময় নৃত্যশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু একটি পিতৃতান্ত্রিক পরিবারে বিয়ে হওয়ার মধ্য দিয়ে তার এ সম্ভাবনা হুমকির মুখে পড়ে। এর আগে গুণিত মোঙ্গা প্রযোজিত ‘পাগলাইত’-এও তিনি এ ধারার চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু দর্শক মনে করছে সানিয়াকে উপযুক্ত চরিত্রে কাস্ট করা হচ্ছে না বা হলেও তা যথাযথভাবে আলোচিত হচ্ছে না।
সানিয়াকে নিয়ে এ আলোচনা আরো আগেই উঠতে পারত। মিসেস মুক্তির পর তার ভক্ত ও সিনেমার দর্শক মনে করছে সানিয়াকে প্রধান চরিত্রে কাস্ট করা হয় না। ইনস্টাগ্রামে একজন লিখেছেন, ‘সানিয়া মালহোত্রা এ সময়ের অন্যতম সেরা অভিনেত্রী। গত দশকে বলিউডে তার মতো অভিনেত্রী কমই এসেছে। কিন্তু এ ইন্ডাস্ট্রি নয় বছরে তাকে ঠিকঠাকমতো একটা চরিত্র দিতে পারেনি।’
বাস্তবিক সানিয়াকে ‘দঙ্গল’ থেকে শুরু করে ‘পাগলাইত’, ‘কাঠাল’ পর্যন্ত সিনেমাগুলোয় কখনই প্রটাগনিস্ট হিসেবে উপস্থাপন করা হয়নি। তিনি পার্শ্ব অভিনেত্রীই রয়ে গেছেন। পাগলাইতে তিনি প্রধান চরিত্র হলেও সিনেমাটা মূলধারায় আলোচিত নয়। দর্শক যুক্তি দিচ্ছেন সানিয়া মালহোত্রা কেবল অভিনয়ই নয়, সঙ্গে নাচতেও জানেন। এ প্রজন্মে দুটো গুণ থাকা অভিনেত্রী তেমন নেই। তার পরও কোনো প্রযোজক, পরিচালক তাকে নিয়ে বড় কোনো প্রজেক্ট চিন্তা করছেন না। কিন্তু এখনই সময় সেটা করার।
সূত্র: হিন্দুস্তান টাইমস










