তবে এবারের আসরে বাংলাদেশী ফুটবল ভক্তদের জন্য থাকছে এক দারুণ চমক। নিজেদের দেশ খেলতে না পারলেও মাঠের বাইরের এক মহোৎসবে জড়িয়ে গেছে বাংলাদেশের নাম। ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের জন্য ‘সির সির’ (Siir Siir) শিরোনামে একটি বিশেষ গান তৈরি করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান সংগীতশিল্পী ও ডিজে সঞ্জয়। গানটিতে তার সঙ্গে আছেন বলিউডের নোরা ফাতেহি ও ফরাসি শিল্পী ভেজড্রিম। সোমবার সন্ধ্যায় গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

গানটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে নোরা ফাতেহি বলেন, ‘এ সৃষ্টি আমার জন্য খুব বিশেষ। এর মাধ্যমে আমি আমার মরোক্কান ও কানাডিয়ান শিকড়ের পাশাপাশি ভারতের প্রতি আমার ভালোবাসা ও দক্ষিণ এশীয় সম্প্রদায়ের অবদানকে তুলে ধরতে চেয়েছি। ফিফা বিশ্বকাপের মতো মঞ্চে প্রাচ্যের এ সুরকে বিশ্ব দরবারে নিয়ে যেতে পারাটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে।’

দীর্ঘ পরিশ্রমে তৈরি এ গান নিয়ে ফেসবুকে সঞ্জয় লিখেছেন, ‘কয়েক মাসের শ্রম এবং কয়েকটি দেশের অসাধারণ কিছু মানুষের সঙ্গে কাজ। দেখুন আমরা কী বানিয়েছি। আপনাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রইলাম।’

গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-শ্রোতাদের প্রশংসায় ভাসছেন সঞ্জয়। বিশেষ করে বাংলাদেশী শ্রোতারা এ বৈশ্বিক অর্জনে তাদের গর্ব ও উচ্ছ্বাস প্রকাশ করছেন। ভক্তদের একজন মন্তব্য করে লিখেছেন, ‘সঞ্জয় আমাদের বাংলাদেশের গর্ব। সিলেট তথা পুরো দেশের নাম উজ্জ্বল করেছে ভাই।’ নোরার নাচ ও মিউজিকের কোরিওগ্রাফির প্রশংসা করার পাশাপাশি অনেক শ্রোতা ভিডিওতে বাংলাদেশের জার্সি না থাকায় কিছুটা আক্ষেপও প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘প্লিজ, ফিফা উদ্বোধনী মঞ্চে গাওয়ার সময় অবশ্যই বাংলাদেশী জার্সি পরবেন।’

সব মিলিয়ে গানটির উৎসবের আমেজ দর্শকের মন জয় করে নিয়েছে।

ইতিহাসে এ প্রথম কোনো বাংলাদেশী বংশোদ্ভূত শিল্পী ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামে জায়গা করে নিলেন। এটি কেবল সঞ্জয়ের ব্যক্তিগত সাফল্যই নয়, বরং বৈশ্বিক বিনোদন দুনিয়ায় বাংলাদেশের এক ঐতিহাসিক পদচিহ্ন। বিশ্বমঞ্চে ‘সির সির’ গানটির এ রাজকীয় শুরু আগামী দিনগুলোয় বাংলাদেশের তরুণ শিল্পীদের আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার ক্ষেত্রে আরো বড় অনুপ্রেরণা জোগাবে।