ক্রিস্টোফার নোলানকে থামানো যাচ্ছে না। একের পর এক চমক তিনি দিয়েই যাবেন যেন। ‘ওপেনহাইমার’ দিয়ে দর্শক ও সিনেমার বাজারে চমক দিয়েছিলেন। এবার আনছেন মহাকাব্যিক ‘দ্য ওডিসি’। সিনেমাটিতে ওডিসিয়াসের চরিত্রে অভিনয় করছেন ম্যাট ড্যামন। গতকাল প্রকাশ হয়েছে সিনেমার ফার্স্ট লুক। এতে ওডিসিয়াস চরিত্রে ম্যাট ড্যামনকে দেখা যায়। সিনেমাটিতে আরো অভিনয় করছেন টম হল্যান্ড, মিয়া গথ, জেন্ডেয়া, অ্যান হ্যাথাওয়ে, লুপিতা নিয়ংও, রবার্ট প্যাটিনসন প্রমুখ।

ক্রিস্টোফার নোলানের ওডিসির জন্য একটি অফিশিয়াল এক্স হ্যান্ডল শুরু করা হয়েছে। সেখানেই ম্যাট ড্যামনের ছবি পোস্ট করা হয়। পোস্টে ড্যামনের চরিত্রের লুকের ছবিটিই দেয়া হয়েছে। সেই সঙ্গে লেখা হয়েছে, ‘ম্যাট ড্যামনই ওডিসিয়াস। ক্রিস্টোফার নোলানের সিনেমা।’ এর সঙ্গে জানানো হয়, দ্য ওডিসি নামের সিনেমাটি ২০২৬ সালের ১৭ জুলাই থিয়েটারে আসবে।

হোমারের ওডিসি মূলত গ্রিক বীর ওডিসিয়াসের গল্প। দুই হাজার বছর আগের গল্পটি বলেছিলেন হোমার। যুদ্ধের পরের কথা। তবে এ গল্প ওডিসিয়াসের একার। ট্রোজান ওয়ারের পর তিনি দীর্ঘ সময় ঘুরে বেড়িয়েছেন পৃথিবীর নানা প্রান্তে। তার এ ভ্রমণেরই গল্প বলে ওডিসি। সে গল্পই তুলে আনবেন নোলান।

তিনি তার নিজস্ব ধারায় নির্মাণ করছেন সিনেমাটি। দ্য ওডিসির বিপণন প্রতিষ্ঠান হিসেবে থাকছে ইউনিভার্সাল পিকচার্স। নোলান এ প্রতিষ্ঠানের সঙ্গে আছেন দীর্ঘদিন। ইউনিভার্সাল এ সিনেমা সম্পর্কে লিখেছেন, ‘এটি একটি পৌরাণিক গল্পের উপস্থাপন, যা নোলান শুট করছেন সর্বাধুনিক প্রযুক্তিতে। এবারো আইম্যাক্সে আনছেন তিনি। সারা পৃথিবী ঘুরে শুট করা হবে সিনেমাটি। এছাড়া এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো আইম্যাক্সে আসছে হোমারের মহাকাব্য।’

বিপণনে ইউনিভার্সাল থাকলেও সিনেমা প্রযোজনা করছেন নোলান ও তার স্ত্রী এমা থমাস। নোলান নিজেই লিখেছেন দ্য ওডিসির চিত্রনাট্য।

সূত্র ও ছবি: ভ্যারাইটি