নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকে নাটকীয়ভাবে বিদায় নেয়ার পর, দীপিকা পাড়ুকোন ঘোষণা করেছেন তার পরবর্তী প্রজেক্ট। শাহরুখ খানের কিং ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। গতকাল অভিনেত্রীর ইনস্টাগ্রামে শাহরুখ খানের সঙ্গে হাত ধরা ছবি দিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টে দেয়া ক্যাপশনে তার সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাকেই সূক্ষ্মভাবে ইঙ্গিত করে।

দীপিকা লিখেছেন, ‘আঠারো বছর আগে ‘‘ওম শান্তি ওম’’-এর শুটিংয়ের সময় তিনি (শাহরুখ খান) প্রথম শিক্ষা দিয়েছিলেন, সিনেমা বানানোর অভিজ্ঞতা ও সিনেমা নির্মাণসংশ্লিষ্ট মানুষের গুরুত্ব তার সাফল্যের চেয়ে অনেক বেশি মূল্যবান। এ শিক্ষার সঙ্গে আমি একমত। হয়তো এজন্য আমরা আবার একসঙ্গে আমাদের ষষ্ঠ সিনেমা করছি।’ দীপিকার এ পোস্টকে অনেকেই কল্কি ২৮৯৮ এডি বিতর্কের প্রতি ইঙ্গিত হিসেবে দেখছেন।

ভক্তরা দ্রুত কমেন্টে দীপিকাকে সমর্থন জানিয়েছেন এবং দীপিকার কথার আড়ালে থাকা অর্থ নিয়ে অনুমান করেছেন। একজন ভক্ত লিখেছেন, ‘এ বার্তা কল্কি ২৮৯৮ এডি নির্মাতাদের জন্য।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনার পক্ষ থেকে কথা বলার জন্য ধন্যবাদ। আপনার কমিটমেন্ট বা পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলা কারো উচিত নয়। এমনকি গর্ভাবস্থার শেষ মাসেও সিনেমা প্রচারে আপনি কাজ করেছেন। আমরা আপনার কাজের নৈতিকতা দেখেছি।’ অন্য একজন লিখেছেন, ‘নিন্দুকরা আপনার পতন নিয়ে শব্দ করছে, কিন্তু রানী নিজেই উজ্জ্বল হচ্ছেন।’

এর আগে বৈজয়ন্তী মুভিজ অফিশিয়ালভাবে জানায়, ‘দীপিকা কল্কির আগামী সিকুয়ালের অংশ হবেন না। দীর্ঘ আলোচনার পর আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা তার ভবিষ্যৎ কাজের জন্য শুভকামনা জানাই।’

জানা যায়, আর্থিক দ্বন্দ্ব ও কিছু শর্ত নিয়ে দীপিকার সঙ্গে মতবিরোধ হয়েছিল। দীপিকা পঁচিশ শতাংশ পারিশ্রমিক বাড়ানো ও তার দলের জন্য পাঁচ তারকা হোটেলে থাকার ব্যবস্থা চেয়েছিলেন। অন্যদিকে কিছু সূত্র বলছে, স্ক্রিপ্ট পরিবর্তনের কারণে তার চরিত্র হঠাৎ হালকা করা হয়েছে। এ কারণে দীপিকা পরবর্তী সিকুয়াল থেকে সরে দাঁড়ান।

দীপিকার অবশ্য বড় প্রজেক্ট থেকে সরে যাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে তিনি সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ এ থেকেও সরে দাঁড়িয়েছিলেন।

সূত্র ও ছবি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস