পরিশ্রম আর অভিনয়ের গভীরতা দিয়ে এরই মধ্যে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। তার নতুন সিনেমা ‘নূর’-কে ঘিরে সম্প্রতি শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। টিজার ও গান প্রকাশের পর পরই সিনেমাটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া।
‘নূর’ সিনেমায় ঐশীর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা আরিফিন শুভ, পরিচালনা করেছেন রায়হান রাফী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐশী বলেন, ‘নূর’ নিয়ে তার একটি আক্ষেপও আছে। সিনেমাটি বড় পর্দায় মুক্তি না পাওয়ায় খানিকটা হতাশা প্রকাশ করে ঐশী বলেন, ‘সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাবে ভেবেই শুটিং করেছি। এখন যেহেতু তা সম্ভব হয়নি, চাই ওটিটিতেই সিনেমাটি যেন ভালো করে, সফল হয়।’ শেষ পর্যন্ত সিনেমাটি মুক্তি পায় ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে।
উত্তরবঙ্গের পাবনা অঞ্চলে হয়েছে সিনেমাটির শুটিং। সেই অভিজ্ঞতা স্মরণ করে ঐশী বলেন, ‘খুব সুন্দর পরিবেশ ছিল। জায়গাটা নির্মল আর শান্ত, সেখানে কাজ করতে গিয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলাম।’ তিনি আরো জানান, টিজার ও গান প্রকাশের পর লোকেশন ও ভিজুয়াল নিয়ে দর্শকদের প্রশংসা তাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। তার ভাষায়, ‘ওই জায়গার প্রতি এক ধরনের মায়া তৈরি হয়ে গেছে।’
আরিফিন শুভর সঙ্গে তার সম্পর্ক নিয়ে ঐশী স্পষ্ট করেন, তা সম্পূর্ণ শ্রদ্ধা ও পেশাদারত্বের। সহঅভিনেতা হিসেবে শুভকে প্রশংসা করে তিনি বলেন, ‘তিনি একজন সেরা সহঅভিনেতা—সহযোগিতামূলক ও খুব কেয়ারিং। শুরু থেকেই আমাদের কাজের বোঝাপড়াটা খুব ভালো ছিল।’
সাম্প্রতিক আলোচনায় থাকা প্রসঙ্গে ঐশী জানান, আলোচনা থাকুক—তবে তা যেন হয় কাজকে ঘিরে। তার ভাষায়, ‘দর্শকদের সঙ্গে আমার সম্পর্কটা কাজের মাধ্যমেই। যখন আমি কাজ নিয়ে আলোচনায় থাকি না, তখন কাজের বাইরের মানুষরা আমাকে বেশি পায়, কিন্তু কাজের মানুষরা ততটা পায় না। তাই আমি চাই, কাজ নিয়েই আলোচনায় থাকতে।’
উল্লেখ্য, শুভ-ঐশী জুটি এরই মধ্যে তিনটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। এর মধ্যে মুক্তিপ্রাপ্ত দুটি হলো ‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’। সবশেষ সিনেমা ‘নূর’ বড় পর্দার জন্য নির্মিত হলেও শেষ পর্যন্ত তা বায়োস্কোপে মুক্তি পায়। এখন দেখার অপেক্ষা—সিনেমাটি কতটা সাড়া ফেলতে পারে।










