বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মতো দেশের বিনোদনজগতের তারকারাও মেতে উঠেছেন এ ফুটবল মহোৎসবে। সাধারণ দর্শকের মতোই তারকারা কেউ বন্ধুদের নিয়ে বড় পর্দায়, আবার কেউ পরিবারের সঙ্গে জমিয়ে খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন। এবারের বিশ্বকাপ নিয়ে জনপ্রিয় পাঁচ তারকার বিশ্বকাপ উন্মাদনার কথা তুলে ধরেছেন অহিদুর রহমান

বিদ্যা সিনহা মিম

‌ব্রাজিল হারলে বাসায় কান্নাকাটি করি

ফুটবল বিশ্বকাপ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, ‘‌আমি ফুটবলে ছোটবেলা থেকেই ব্রাজিল সমর্থক, যদিও সত্যি বলতে আমি খুব বেশি খেলা ভক্ত মানুষ নই। খেলা নিয়ে আমি খুব বেশি কিছু বলতে পারব না। আমাদের পরিবারে সবাই একসঙ্গে বসে খেলা দেখা হয়।’

নিজের খেলা দেখার অভিজ্ঞতা নিয়ে মিম জানান, এবারের বিশ্বকাপে ব্রাজিলের খেলাগুলোও তিনি দেখার চেষ্টা করবেন। ব্রাজিল ছাড়া আর্জেন্টিনা দলের মেসিকেও তার খুব ভালো লাগে এবং তার খেলাও তিনি দেখেন। তবে ব্রাজিল হারলে তিনি বাসায় কান্নাকাটি করেন এবং এটি নিয়ে পরিবারের সবাই তার সঙ্গে মজা করেন, বাসায় একধরনের ড্রামা তৈরি হয়। প্রিয় দলের ট্রফি জয় নিয়ে তার মত, ‘‌আশা করি এবার ব্রাজিলই বিশ্বকাপ ট্রফিটা নিজেদের করে নেবে।’

ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘‌যারা যেকোনো দলের ভক্ত বা সাপোর্টার, তাদের বলব খেলাকে অবশ্যই সাপোর্ট করবেন, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অনেকে নিজের পছন্দের দলের বাইরে অন্য দল বা খেলোয়াড়দের ছোট করেন, যা মোটেও উচিত নয়। আমি ব্রাজিল সমর্থক বলে আর্জেন্টিনাকে ছোট করব, এগুলো করা ঠিক নয়।’

শিহাব শাহীন

বড় দলগুলোর খেলা দেখার ইচ্ছে আছে

বিশ্বকাপ ফুটবল নিয়ে নিজের দীর্ঘদিনের ভালোবাসার কথা জানিয়ে চলচ্চিত্র নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘‌আমি শুধু এবারের আসরই নয়, আজীবনই ব্রাজিলের সমর্থক। এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচ দেখার ইচ্ছে আছে। তবে ফ্রান্স, স্পেন, জার্মানি, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মতো বড় দলগুলোর খেলাও দেখার ইচ্ছে আছে।’

খেলা দেখা নিয়ে এ নির্মাতা জানান, বিশ্বকাপের অধিকাংশ খেলাই তার একা দেখা হয়। তবে বিশেষ কোনো ম্যাচ বা হাইভোল্টেজ খেলাগুলো সব বন্ধুরা মিলে বড় পর্দায় দেখতে পছন্দ করেন। এবারো তার ব্যতিক্রম হবে না।

31

নিজের প্রিয় দল ব্রাজিলের ট্রফি জয়ের সম্ভাবনা দেখেন এ নির্মাতা। ট্রফি জয়ের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘‌বরাবরের মতো এবার ব্রাজিলের বিশ্বকাপ জেতার জোরালো সম্ভাবনা রয়েছে। গত কয়েকটা আসরে তারা যেভাবে খেলেছে, সে ধারাবাহিকতায় এবারো তারা জনপ্রিয়। একজন সাপোর্টার হিসেবে এ আশাটুকুই করছি, এবার ব্রাজিলই ট্রফিটা উঁচিয়ে ধরবে।’

ছোটবেলার স্মৃতির কথা স্মরণ করে তিনি যোগ করেন, ‘‌ম্যারাডোনার সেই বিখ্যাত গোল, ছয়জন খেলোয়াড়কে কাটিয়ে বল জালে জড়ানো, তখনকার সেই দুর্দান্ত দল কিংবা আমাদের ছোটবেলায় বিশ্বকাপের সেই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনাল ম্যাচ দেখার উন্মাদনা; সত্যিই দারুণ সব স্মৃতি ছিল।’

সবশেষে ভক্ত ও দর্শকের উদ্দেশে ইতিবাচক বার্তা দিয়ে নির্মাতা বলেন, ‘‌ভক্তদের বলতে চাই, সবাই বিশ্বকাপের এ আনন্দ আর উন্মাদনায় মেতে উঠুন। আপনারা যে দলই সমর্থন করেন না কেন, প্রত্যেকের পছন্দের দলের জন্যই আমার পক্ষ থেকে শুভকামনা।’

তানজিয়া জামান মিথিলা

এবার সবথেকে শক্তিশালী টিম ব্রাজিল

বিশ্বকাপ ফুটবল নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা বলেন, ‘‌আমি সবসময় আর্জেন্টিনার সমর্থক ছিলাম, এবারো আর্জেন্টিনার পক্ষেই আছি। আমার দুই ভাইয়ের মধ্যে একজন আর্জেন্টিনা ও অন্যজন ব্রাজিল করতেন। বড় ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক ও বোঝাপড়া বেশি ভালো থাকায় তার দেখাদেখি আমিও আর্জেন্টিনার সমর্থক হয়ে যাই।’

বিশ্বকাপ এলে দেশের ফুটবল উন্মাদনা বেশ উপভোগ করেন মিথিলা। ফুটবল খেলা খুব একটা না দেখলেও ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচগুলো তার কখনই মিস হয় না। এ প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের মধ্যে যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা বা কম্পিটিশন চলে, তার কারণেই ম্যাচগুলো দেখার আগ্রহ আরো বেড়ে যায়। তার ফ্রেন্ড সার্কেলের অর্ধেক ব্রাজিল আর বাকি অর্ধেক আর্জেন্টিনার সমর্থক। তবে বন্ধুদের মধ্যে আর্জেন্টিনার সমর্থকই একটু বেশি হওয়ায় এবারো সবাই মিলে একসঙ্গে খেলা দেখার দারুণ পরিকল্পনা আছে তার।

এবারের বিশ্বকাপে অন্যান্য দলের শক্তি ও খেলার ধরন মূল্যায়ন করে তিনি যোগ করেন, ‘‌প্রিয় দলের পাশাপাশি ফ্রান্স ও পর্তুগালের খেলাও দেখা হয়। ব্রাজিলের খেলাও ভালো লাগে। আমার মতে, এবারের বিশ্বকাপে সব থেকে শক্তিশালী টিম ব্রাজিল।

সামিরা খান মাহি

পরিবারে সবাই একসঙ্গে খেলা উপভোগ করি

বিশ্বকাপ ফুটবল নিয়ে নিজের উচ্ছ্বাস ও ভালো লাগার কথা প্রকাশ করে অভিনেত্রী সামিরা খান মাহি বলেন, ‘‌ফুটবল বিশ্বকাপ এলেই পুরো দেশে এক অন্য রকম ভালো লাগা আর উন্মাদনা কাজ করে। সবার মধ্যে যে এক্সাইটমেন্ট দেখা যায়, এবার আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আমাদের পরিবারে আমরা সবাই একসঙ্গে ড্রয়িংরুমে বসে খেলা উপভোগ করি।’

নিজের দল নির্বাচনের পেছনের গল্প জানিয়ে মাহি বলেন, ‘‌জন্ম থেকেই দেখে আসছি, আমার পরিবারের অধিকাংশ সদস্যই ব্রাজিলের সমর্থক। তাদের খেলা দেখতে দেখতেই বড় হয়েছি এবং অবচেতনে একধরনের ভালো লাগা থেকেই হয়তো ব্রাজিলের প্রতি একটা পক্ষপাত তৈরি হয়ে গেছে। তাই কোনো একটি দলকে তো সমর্থন করতেই হয়, সে জায়গা থেকে আমি ব্রাজিলের সমর্থক। আমি ব্রাজিলের সাপোর্টার হলেও লিওনেল মেসিকে আমার ভীষণ পছন্দ, তার খেলা দেখতে ভালো লাগে।’

তবে দল নিয়ে কাদা ছোড়াছুড়ি বা মারামারির তীব্র বিরোধিতা করে এ অভিনেত্রী বলেন, ‘‌আমি ব্রাজিল পছন্দ করি মানেই যে অন্য দলকে অপছন্দ করতে হবে, বিষয়টি কিন্তু তেমন নয়। বিশ্বকাপে তো অনেক দেশ খেলে। শুধু ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়েই কেন মেতে থাকতে হবে? দল নিয়ে একে অন্যের সঙ্গে মারামারি বা বিবাদে জড়ানোটা আমার খুব খারাপ লাগে।’

নাজিফা তুষি

ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক

ঈদে মুক্তি পাওয়া ‘রইদ’ সিনেমায় অভিনয় করে দারুণ দর্শক সাড়া পেয়েছেন অভিনেত্রী নাজিফা তুষি। কাজের এ সাফল্যের আনন্দের মাঝেই বিশ্বকাপ ফুটবল নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়ে তিনি বলেন, ‘‌আমি ছোটবেলা থেকেই ব্রাজিল সমর্থন করি। নিজের দল ছাড়াও আর্জেন্টিনা ও জার্মানির খেলাও আমার ভালো লাগে, মেসিকে আমার ভালো লাগে। খেলার এত ডিটেইল না বুঝলেও যখন বিশ্বকাপ হয়, তখন খুব ভালো লাগে।’

বিশ্বকাপের সময় বন্ধুদের সঙ্গে মিলে খেলা দেখতে বেশি ভালো লাগে তুষির। বন্ধুদের মধ্যে একেক জন একেক দল করেন। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ স্পেন আবার কেউ জার্মানি। সব মিলিয়ে চারপাশে একটা উৎসবমুখর পরিবেশ বা ফেস্টিভ্যাল ভাইভ উপভোগ করেন তিনি।

এবারের আসরে নিজের সমর্থন নিয়ে তুষি বলেন, ‘আমি ব্রাজিলের সাপোর্টার। তবে যেহেতু আমি মেসিকে পছন্দ করি, তাই আর্জেন্টিনার খেলা হলে বন্ধুদের খাতিরে আর্জেন্টিনার পক্ষ নিই।’

বিশ্বকাপের প্রস্তুতি ও আয়োজন নিয়ে তিনি যোগ করেন, ‘‌এখনো ব্রাজিলের জার্সি কিনতে পারিনি, দ্রুতই তা কালেক্ট করব। আমি জার্সি পরে ছবি তুলি আর খেলা উপভোগ করি।