এবার কলকাতার নতুন এক সিনেমা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনের জটিল সমীকরণ নিয়ে এক আবেগঘন বার্তা দিলেন এ অভিনেত্রী।
গতকাল প্রকাশ পেয়েছে জয়া আহসান অভিনীত ও কৌশিক গাঙ্গুলী পরিচালিত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার। এটি মূলত ২০২৩ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’র দ্বিতীয় কিস্তি। ট্রেলারটি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে জয়া লিখেছেন, জীবন কোনোদিনই সরল ছিল না, হবেও না। তবু সমীকরণ বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ।
সম্পর্কের টানাপড়েন আর গভীরতা নিয়ে তিনি আরো যোগ করেন, এ অনন্ত খোঁজের খেলায় কোনো প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না। সব গণ্ডি মুছে যায়! এ রকমই সামনে চলার কঠিন একটা দলিল ‘আজও অর্ধাঙ্গিনী’।
২০২৩ সালের অর্ধাঙ্গিনী সিনেমাটি সম্পর্কের ভাঙন, অভিমান ও ক্ষমার মতো মনস্তাত্ত্বিক বিষয়গুলো দিয়ে দর্শক হৃদয়ে দাগ কেটেছিল। সেই রেশ টেনেই নির্মিত হয়েছে এর পরবর্তী অধ্যায়। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় এ নতুন কিস্তিতে আগের অভিনয়শিল্পী কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলীর পাশাপাশি এবার যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায় এবং অম্বরীশ ভট্টাচার্য।
আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আজও অর্ধাঙ্গিনী। প্রথম পর্বের মতো এ নতুন অধ্যায়টিও দর্শকের আবেগকে কতটা নাড়া দিতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা।










