জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ও ‘সাত নম্বর শুটিং ফ্লোর’ দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। এরপর ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেত্রী।
তবে সিনেমায় তমার যাত্রা শুরু অনেক আগেই—প্রায় দেড় দশক আগে। সেই সময় তিনি বেশকিছু সিনেমায় অভিনয় করেছিলেন। এর মধ্যে কিছু সিনেমা শেষ হয়নি, আবার কিছু সিনেমা শেষ হলেও মুক্তি পায়নি। তেমনই একটি সিনেমা হলো ‘মন যে বোঝে না’। অবশেষে দীর্ঘ এক যুগ পর সিনেমাটি আসছে প্রেক্ষাগৃহে।
এই সিনেমায় তমার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। সিনেমাটি শুটিং শুরু হয়েছিল ২০১৩ সালে, শ্রীলংকায়। তখন সিনেমার নাম ছিল ‘লাভলী: মন বোঝে না’। মূলত প্রয়াত পরিচালক সোহানুর রহমান সোহান সিনেমাটি বানানোর কথা ভেবেছিলেন। তবে শুটিং শুরু হওয়ার আগে তিনি সরে দাঁড়ান। এরপর ফয়েজুল ইসলাম শাহিনের প্রযোজনায় এবং শাহাদাৎ হোসেন লিটনের পরিচালনায় শুটিং শুরু হয়।
২০১৬ সালে শুটিং শেষ হলেও এরপর আর কোনো খবর ছিল না সিনেমাটি নিয়ে। অবশেষে এত বছর পর আলোর মুখ দেখছে। তবে বদলে গেছে পরিচালক ও প্রযোজক দুজনই। এখন এটি ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হয়েছে এবং পরিচালনা করেছেন আয়েশা সিদ্দিকা। নতুন নাম দেয়া হয়েছে ‘মন যে বোঝে না’।
পরিচালক আয়েশা সিদ্দিকা ফেসবুকে লিখেছেন, ‘ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায়, আয়েশা সিদ্দিকার পরিচালনায় আসছে এক হৃদয়ছোঁয়া রোমান্টিক ও পারিবারিক গল্প মন যে বোঝে না। মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর। এই সিনেমার প্রতিটি দৃশ্যে আমরা চেষ্টা করেছি সমাজ, জীবন আর মানুষের অনুভূতির গল্প দেখাতে। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি।’
অন্যদিকে আগের পরিচালক শাহাদাৎ হোসেন লিটন জানিয়েছেন, ব্যস্ততার কারণে মাঝপথে কাজ ছাড়তে হয়েছিল তাকে। তিনি বলেন, ‘যখন সিনেমার শুটিং হচ্ছিল, তখন একসঙ্গে অনেক কাজ ছিল হাতে। তাই প্রায় ৪০ ভাগ শুটিংয়ের পর আমাকে সরে আসতে হয়।’ তবে সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।










