মেট্রোরেলের একাদশ চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। আজ সোমবার সকালে বন্দরের সাত নম্বর জেটিতে বগী ও ইঞ্জিন নিয়ে নোঙর করে বিদেশী জাহাজ এম,ভি হোসি ক্রাউন। এতে রয়েছে আটটি বগী, চারটি ইঞ্জিন ও ৩৪ প্যাকেজ মেশিনারি পণ্য। আগামী ২৪ ঘন্টার মধ্যে এসব সরঞ্জাম খালাস শেষ হবে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

গত ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।

বিদেশী জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, জাপানের কোবে বন্দর থেকে আটটি রেলওয়ে কোচ ও চারটি ইঞ্জিনসহ ৩৪ বক্স মেশিনারি পণ্য এসেছে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. মূসা বলেন, মোংলা বন্দরে মেট্রোরেলের আটটি বগি পৌঁছেছে। খুব দ্রুত এসব সরঞ্জাম খালাস শেষ হবে।