গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইইডিটি নিষ্ক্রিয় করেছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।’
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী, তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেয়া হয়েছে এবং তা গৃহীত হয়েছে। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর যেকোনো নাগরিক বা রাজনৈতিক দলের মতামত ও প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি যে সাংবিধানিক সুরক্ষা (ইমিউনিটি) ভোগ করেন, তা বহাল থাকবে। পাশাপাশি আইন অনুযায়ী তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও পুলিশ বাহিনীর সমন্বয়ে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেয়া হচ্ছে।’
এ বছর পুলিশ সপ্তাহে পদক প্রদান অনুষ্ঠান না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে প্রস্তুত করা তালিকায় কিছু কারিগরি ত্রুটি ও অনিয়ম ধরা পড়ায় তা পুনরায় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে যোগ্য ব্যক্তিদের মধ্যে শুদ্ধ তালিকা অনুযায়ী পদক দেয়া হবে।’
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনবান্ধব ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে ‘‘পুরস্কার ও তিরস্কার’’নীতি অব্যাহত থাকবে। যারা সততা, সাহসিকতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করবেন, তারা পুরস্কৃত হবেন। যারা আইন-বিধি লঙ্ঘন করে জনসেবায় ব্যাঘাত ঘটাবেন বা অপকর্মে জড়াবেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেয়া হবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ নয়জন পুলিশ সদস্যকে সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।










