ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশে বিদেশী বিনিয়োগের জন্য একটি আস্থাশীল ও অনুকূল পরিবেশ নিশ্চিতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আজ সোমবার সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বিদেশী বিনিয়োগ আকর্ষণে সরকার আরো বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে কর কাঠামোকে আরো প্রতিযোগিতামূলক করা, প্রয়োজনীয় প্রণোদনা ও সুবিধা প্রদানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
এছাড়া মোবাইল ফোন উৎপাদন ও প্রযুক্তি শিল্পকে সরকার জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে। দেশীয় উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি খাতের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান করা হবে। বাংলাদেশকে স্মার্ট ডিভাইস উৎপাদন ও প্রযুক্তি বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্রে পরিণত করাই সরকারের লক্ষ্য বলেও জানান তিনি।
এ সময় রাষ্ট্রদূত কিম জি-জুন বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার প্রশংসা করার পাশাপাশি বিদেশী বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি ও সহজতর ভিসা ব্যবস্থা চালুর প্রস্তাব দেন। এতে বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ আরো শক্তিশালী হবে এবং বিদেশী বিনিয়োগ আকর্ষণ সহজ হবে বলে উল্লেখ করেন।
ভিসা সংক্রান্ত বিষয়ে মন্ত্রী বলেন, সরকার বিদেশী বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে কাজ করছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত সংস্কার গ্রহণ করা হবে।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো সম্প্রসারণ এবং যৌথ উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, কোরিয়ান দূতাবাসের প্রথম সচিব লি নামসু এবং স্যামসাং ইলেকট্রনিক্সর কান্ট্রি ম্যানেজার জাংমিন জং উপস্থিত ছিলেন।










