রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে একদিনে আরও ১৩ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৯টা থেকে শুক্রবার (৩০ জুলাই) সকাল ৯টার মধ্যে এরা মারা যান।
এদের মধ্যে করোনায় মারা গেছেন ৭ জন। ৫ জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে। এ ছাড়া আরেক জন করোনা নেগেটিভ হয়ে অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় রাজশাহীর ৬ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ৩ জন এবং চাঁপাইনবাবগঞ্জের একজন মারা গেছেন।
এদের মধ্যে রাজশাহীর ৪ জন, নওগাঁর দুজন এবং নাটোরের একজন করে মোট ৭ জন মারা গেছেন করোনা সংক্রমণে। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর দুজন, নাটোরের দুজন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং নওগাঁর একজনসহ মোট ৫ জন। এ ছাড়া করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় নাটোরের আরেকজন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ৮ জন পুরুষ এবং ৮ জন নারী প্রাণ হারিয়েছেন করোনা ইউনিটে। যাদের ৪ জনের বয়স ৬১ বছরের উপরে। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪ জন করে মারা গেছেন হাসপাতালের নিবীড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও ১৭ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া ১৬ নম্বর ওয়ার্ডে তিনজন এবং ২২ ও ,২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।
শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন রাজশাহীর ১৯৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৩ জন, নাটোরের ৬৮ জন, নওগাঁর ৩৪ জন, পাবনার ৭৬ জন, কুষ্টিয়ার ১৩ জন, চুয়াডাঙ্গার দুজন এবং সিরাজগঞ্জ জেলার একজনসহ মোট ৪২৫ জন। ২০ শয্যার আইসিইউতে ভর্তি ছিলেন ২০ জন।










