বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে দেশটির সরকার। তবে এ মর্যাদা শুধুমাত্র আনুষ্ঠানিক ও প্রটোকলসংক্রান্ত কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

গতকাল বুধবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (পাবলিক সেকশন) এক অফিস স্মারকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে ‘টেবিল অব প্রিসিডেন্সে’ কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমতুল্য মর্যাদা দেয়া হয়েছে। তবে এ জন্য বিদ্যমান টেবিল অব প্রিসিডেন্সে কোনো সংশোধন আনা হয়নি এবং এ মর্যাদা কেবল আনুষ্ঠানিক দায়িত্ব ও প্রটোকল পালনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

এতে বলা হয়, এ সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে প্রযোজ্য এবং বাংলাদেশে দায়িত্ব পালনের সময় তিনি এ মর্যাদা পাবেন।

নথিতে ভারতের সব মন্ত্রণালয় ও বিভাগ, রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন, রাষ্ট্রপতির সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ সচিবালয়, নীতি আয়োগ, নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট, দিল্লি হাইকোর্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিষয়টি অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করেন দীনেশ ত্রিবেদী। একই দিন তিনি ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করেন এবং বাংলাদেশী নাগরিকদের জন্য পর্যায়ক্রমে স্বাভাবিক ভিসা কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দেন।