দেশে একটা জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফরিদপুর বিভাগীয় বিএনপির দিনব্যাপী ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার করেন। কর্মশালায় তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলা বিএনপির নেতারা অংশগ্রহণ করেন।

তারেক রহমান বলেন, আমরা দেশে একটা জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাই। রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্যে জবাবদিহিতা। শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিরা জবাবদিহিতা করবে? না। প্রতিটা পর্যায়ে জবাবদিহিতা করতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার যেমন জবাবদিহিতা করবে, একজন প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে। সরকারি, বেসরকারি পর্যায়ের প্রত্যেকটি পর্যায়ে জবাবদিহিতা করতে হবে।

তিনি বলেন, আমরা স্বাস্থ্য খাতে এমন একটি পর্যায় সৃষ্টি করতে চাই যে দেশের মানুষ দেশেই চিকিৎসা নিতে পারবে। শিক্ষার্থীরা তাদের ন্যায্য শিক্ষা নিতে পারবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। একমাত্র জবাবদিহিতা প্রতিষ্ঠা করা গেলে অনেক কিছুই করা সম্ভব হবে। এ জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হলে আমাদের ঘুরে আবার পেছনে যেতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে। ঠিক একইভাবে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধভাবে করতে হবে। যার মাধ্যমে পর্যায়ক্রমে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার কাজ শুরু করতে পারব।