স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাঙ্গামাটি জেলায় নভেল করোনাভাইরাস শনাক্তের হার ১০ থেকে ১৯ শতাংশ। আজ বুধবার জেলাটিকে রেড জোন ঘোষণা করা হয়। এতে করে পুরো অঞ্চলে সচেতনতার ওপর জোর দেয়ার দাবি করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ড্যাশবোর্ড ওয়েবসাইট থেকে রঙ্গামাটি জেলা সম্পর্কিত এ তথ্য জানা যায়। বিষয়টি নিয়ে জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসার সঙ্গে কথা হলে তিনি বণিক বার্তাকে বলেন, গত এক সপ্তাহে জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৮ জনের এর মধ্যে একজন হাসপাতালে ভর্তি আছেন, বাকিরা বাসায় চিকিৎসা নিচ্ছেন। সংক্রমণের উর্ধ্বগতি রোধে প্রশাসন কাজ করছে। এক্ষেত্রে সাধারণ মানুষকে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন বণিক বার্তাকে বলেন, কভিড সংক্রমণের উর্ধ্বগতি রোধে প্রশাসন শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছে। গত এক সপ্তাহ ধরে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করেছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় স্বাস্থ্যবিভাগ বলছে, রেড জোন ঘোষণা করার আগে থেকেই জেলায় সচেতনতার ওপর জোর দেয়া হয়েছিল। এখন থেকে সেটি আরো জোরেশোরে বিষয়টি নিয়ে প্রচার-প্রচারণা চালানো হবে।

গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবে ৪৫ জনের নমুনা পরীক্ষা করে তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছয় দশমিক ৬৭ শতাংশ। গত এক সপ্তাহে ২১৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৮ জনের। শনাক্তের হার আট দশমিক ২১ শতাংশ।