রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় প্রাণহানি হয়েছে আরও ১৫ জনের। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে শুক্রবার (৬ আগস্ট) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এরা মারা যান।
এই একদিনে রাজশাহীর ৮ জন, নাটোরের ২ জন, পাবনার ২ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন এবং কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। এদের মধ্যে করোনায় ৫ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ৮ জন এবং করোনা নেগেটিভ হয়ে ২ জন মারা গেছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,গত ২৪ ঘন্টায় রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং নাটোরের একজনসহ মোট ৫ জন মারা গেছেন করোনা সংক্রমণে। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর ৪ জন, পাবনার ২ জন, নাটোরের একজন এবং কুষ্টিয়ার একজনসহ মোট ৮ জন। করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় রাজশাহী এবং নওগাঁয় জেলার একজন করে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ৭ জন পুরুষ এবং ৮ জন নারী প্রাণ হারিয়েছেন করোনা ইউনিটে। যাদের ৭ জনের বয়স ৬১ বছরের উপরে। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছর বয়সি ২ জন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩ জন করে মারা গেছেন হাসপাতালের নিবীড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), ১, ৩ ও ১৬ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া ১৪, ১৫ ও ১৭ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।
শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন রাজশাহীর ১৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪১ জন, নাটোরের ৬০ জন, নওগাঁর ৩৫ জন, পাবনার ৭২ জন, কুষ্টিয়ার ৭ জন, চুয়াডাঙ্গার ৬ জন, সিরাজগঞ্জের ৩, বগুড়ার একজন এবং ঝিনাইদহ জেলার একজনসহ মোট ৪০৩ জন। ২০ শয্যার আইসিইউতে ভর্তি ছিলেন ১৯ জন।
এদের মধ্যে করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ১৮২ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪২ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৭৯ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৭ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ৩৪ জন।
এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৯৫ জনের নমুনায়।
একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৮১ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩৫ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ২৩ দশমিক ৮১ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ১১ দশমিক ৭৬ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
প্রসঙ্গত, রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ১ আগস্ট ১৮ জন, ২ আগস্ট ১৫ জন ১৩ জন, ৩ আগস্ট ১৯ জন, ৪ আগস্ট ১৪ জন এবং ৫ আগস্ট ১৭ জনসহ ৮৩ জন মারা যান। এর মধ্যে করোনায় ৩০ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ৪২ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ১১ জনের মৃত্যু হয়।










