ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দেশে মোট ৮৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘‌সাম্প্রদায়িক হামলায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। ২২ অক্টোবরের পরের ঘটনাগুলোর হালনাগাদ তথ্য শিগগিরই দেয়া হবে।’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্যানুযায়ী ৬২টি মামলা হয়েছে। ধর্মীয় পূজামণ্ডপ, উপাসনালয়কেন্দ্রিক সহিংসতায় পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত তথ্যানুযায়ী আরো ২৬টি মামলা হয়েছে। উভয় ঘটনায় ৩৫ করে মোট ৭০ জন গ্রেফতার হয়েছেন।

প্রেস সচিব বলেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সংখ্যালঘু হিসেবে নয়, রুলিং পার্টির (আওয়ামী লীগের) পদধারী ছিলেন। সে কারণে হামলার ঘটনা ঘটেছে। তবে যেকোনো ধরনের অপরাধ হলেই আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি। এ কাজে (সংখ্যালঘু নির্যাতনে) যারা জড়িত তাদের গ্রেফতার করব।

তিনি বলেন, অক্টোবর-নভেম্বর থেকেই সয়াবিন তেলের বাজার (আন্তর্জাতিক) উর্ধ্বমুখী। সে কারণে সয়াবিন তেলের দাম বাড়াতে হয়েছে। ভোজ্যতেলের মূল্য নির্ধারণের পাশাপাশি ভোক্তা স্বার্থরক্ষায় খুব কঠোরভাবে পুরো বিষয়টির নজরদারি করা হচ্ছে। ভোক্তাদের যাতে অসুবিধা না হয় এবং বাজারের চাহিদা ও জোগান যেন ঠিক থাকে, সেদিকেও নজর রাখা হচ্ছে।

আগামী বছর রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলন করা হবে বলেও জানান প্রেস সচিব। তিনি বলেন, আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে এ সম্মেলন হতে পারে। আশা করি বিশ্বের সব দেশে এতে অংশগ্রহণ করবে। জাতিসংঘের সঙ্গে এ বিষয়ে এর মধ্যে কথাও হয়েছে।