চট্টগ্রামে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে হামলায় আহত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ ক্যামেরাপারসন সেলিম উল্লাহ। গত রোববার রাত সোয়া ১০টার দিকে নগরীর মনসুরাবাদ ডিবি অফিসের পাশে ঘটনাটি ঘটে। 

এলাকার আধিপত্য কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতা সাদ্দাম হোসেন ও তার অনুসারীদের সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষ বাধে। হামলায় আহত সাংবাদিক সেলিম জানান, ঘটনা চলাকালে তিনি ভিডিও ধারণ করছিলেন। এ সময় তার ওপর হামলা চালায় সাদ্দাম হোসেন ও তার অনুসারীরা। মারধর ও অকথ্য ভাষায় গালাগালির একপর্যায়ে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালায় তারা। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে চমেকের জরুরি বিভাগে চিকিৎসা নিই। চোখে ও পায়ের লিগামেন্টে আঘাত লেগেছে বলে জানিয়েছে চিকিৎসকরা। 

ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী বলেন, ‘হামলার ঘটনায় রাতেই মামলা করা হয় ডবলমুরিং থানায়। এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো পলাতক রয়েছে মূল হোতা সাদ্দাম হোসেন। সাদ্দামসহ পলাতকদের গ্রেফতার করে সবাইকেই আইনের আওতায় আনা হবে। ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’