বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লাবিব শেখ (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগেরহাট-রুপসা পুরাতন সড়কের বাহিরদিয়া নামক স্থানে বটগাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সঙ্গে থাকা তার বন্ধু সাদিক শেখ (১৩) গুরুতর আহত হয়।
নিহত লাবিব খুলনার বটিয়াঘাটা উপজেলার নারায়নখালীর কবির শেখের ছেলে। পরিবারসহ লাবিব দীর্ঘদিন ধরে ফকিরহাটে ভাড়া বাসায় বসবাস করে আসছে। সে ফকিরহাট সাতশৈয়া হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, দুপুরে বাগেরহাট-রুপসা পুরাতন সড়কের বাহিরদিয়া নামক স্থানে একটি বটগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে লাবিব ও তার সঙ্গে থাকা কিশোর সাদিক শেখ (১৩) গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লাবিবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক লাবিবকে মৃত ঘোষণা করেন।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, পরিবারের কারো মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়েছিল ওই দুই শিক্ষার্থী। বাহিরদিয়া এলাকায় একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে সড়কের পাশে বট গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালক লাবিব মারা যায়।










